নিজামী-কাদেরের বিচার শুরু
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে আজ সোমবার অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে তাঁদের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হলো।নিজামীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাসহ ১৬ অভিযোগ গঠন: জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ গঠন করা হয়েছে। আজ বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ গঠন করে আদেশ দেন।ট্রাইব্যুনাল প্রায় দেড় ঘণ্টার আদেশে নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগ পড়ে শোনান। ১৬ নম্বর অভিযোগে তাঁর বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে ইসলামী ছাত্রসংঘের প্রেসিডেন্ট ও আলবদরের প্রধান হিসেবে বুদ্ধিজীবী হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অন্য ১৫টি অভিযোগে তাঁর বিরুদ্ধে গণহত্যা, হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ এ ধরনের অপরাধে সহযোগিতা করা, ষড়যন্ত্র করা ও ঊর্ধ্বতন নেতা হিসেবে নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩-এর ৩(২)(এ), সি, জি, এইচ, এস এবং ৪(১ ও ২) ধারায় এসব অভিযোগ গঠন করা হয়। আগামী ১ জুলাই রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য নেওয়া শুরু হবে। আনীত অভিযোগ জঘন্য মিথ্যাচার, দাবি নিজামীর: নিজামীকে অভিযোগ পড়ে শোনানোর পর ট্রাইব্যুনাল তাঁর কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ? নিজেকে নির্দোষ দাবি করে নিজামী বলেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ জঘন্য মিথ্যাচার। কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগ গঠন: জামায়াত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যাসহ সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ গঠন করা হয়েছে। এ টি এম ফজলে কবিরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদেশ দেন।ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে অভিযোগ পড়ে শোনানোর পর জানতে চান, তিনি এসব ঘটনার সঙ্গে জড়িত কি না। কাদের মোল্লা এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ওই সময় তিনি ঢাকায় ছিলেন না।আগামী ২০ জুন রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে।