নিজামী বললেন, শিল্প মন্ত্রণালয়কে কিছু করতে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটি ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় শিল্প মন্ত্রণালয়কে জড়িয়ে খবর প্রকাশের পরও কোনো ব্যাখ্যা বা ব্যবস্থা নিতে দেননি তত্কালীন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী। মন্ত্রণালয়ের তত্কালীন সচিব শোয়েব আহমেদ এ ব্যাপারে তদন্তের কথা বললে নিজামী জবাবে বলেছিলেন, এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, শিল্প মন্ত্রণালয়কে আলাদাভাবে কিছু করতে হবে না।আজ বুধবার ১০ ট্রাক অস্ত্র মামলায় চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দেওয়ার সময় তত্কালীন শিল্পসচিব শোয়েব আহমেদ আসামিপক্ষের জেরার সময় এ কথা বলেন।২০১০ সালের ৭ অক্টোবর শোয়েব মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় যে জবানবন্দি দেন, সেটাই তাঁর মূল বক্তব্য বলে আদালতকে জানান। এ পর্যায়ে তাঁকে পর্যায়ক্রমে আসামি মতিউর রহমান নিজামী, লুত্ফুজ্জামান বাবর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মহসীনউদ্দিন তালুকদারের আইনজীবীরা জেরা করেন।জেরার মুখে শোয়েব আহমেদ বলেন, ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে শিল্প মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিতে খালাসের সময় ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। ৪ এপ্রিল সকালে তিনি শিল্পমন্ত্রী নিজামীর কক্ষে গিয়ে অস্ত্র আটকের কথা তোলেন। তিনি বলেন, ‘আমি বলি, শুক্রবার ইমামুজ্জামান সাহেব ফোন করেছিলেন। তিনি আমাকে সিইউএফএল ঘাটে অস্ত্র আটকের ব্যাপারে জানিয়েছেন। আমার কথা শেষ করতেই না করতেই মন্ত্রী বলেন, তিনি এ বিষয় সবকিছু অবগত আছেন।’শোয়েব বলেন, ‘আমি মন্ত্রী মহোদয়কে বলি, আমি ইমামুজ্জামান সাহেবকে নির্দেশ দিয়েছি সিইউএফএলের কর্মকর্তা-কর্মচারীদের সংশ্লিষ্টতা থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তাঁকে এটাও নির্দেশ দিয়েছি যেন গৃহীত ব্যবস্থা মন্ত্রণালয়কে অবহিত করেন।’ মন্ত্রী মহোদয় আমাকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে। সিইউএফএলের কেউ জড়িত কি না, তা তারাই বের করতে পারবে। শিল্প মন্ত্রণালয়কে আলাদাভাবে কিছু করতে হবে না।’