নিজামী-বাবরসহ ১১ নতুন আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১১ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি।মামলার সাক্ষ্যস্মারক (মেমো অব এভিডেন্স—এমই) অনুযায়ী, অন্য আসামিরা হলেন উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তৎকালীন পরিচালক ও পরে এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাব উদ্দিন, সাবেক উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন ও একই সংস্থার মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহসীন তালুকদার ও একই প্রতিষ্ঠানের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক।দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর অধিকতর তদন্ত শেষে সিআইডি অভিযোগপত্র প্রস্তুত করেছে। এরই অংশ হিসেবে মামলার সাক্ষ্যস্মারক গতকাল বৃহস্পতিবার সরকারি কৌঁসুলির (পিপি) মতামতের জন্য দাখিল করেছে সিআইডি। পিপির মতামত পাওয়ার পর সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।জানতে চাইলে চট্টগ্রাম মহানগর আদালতের পিপি কামালউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত অস্ত্র ও চোরাচালান আইনে করা দুটি মামলারই পৃথক সাক্ষ্যস্মারক তিনি গতকাল পেয়েছেন। এখনো পর্যালোচনা করেননি। নথিপত্র অনুযায়ী ১১ আসামির মধ্যে পরেশ বড়ুয়া ও সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন পলাতক রয়েছেন। অন্যরা কারাবন্দী। পরেশ বড়ুয়াকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাহায্য চেয়েছে সিআইডি।২০০৪ সালের ২ এপ্রিল ভোরে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। অভিযোগ রয়েছে, তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এই অস্ত্র চালান আটকের ঘটনায় দায়সারা তদন্ত হয়। মূল অপরাধীদের আড়াল করতে সাধারণ শ্রমিক, ছোটখাটো কয়েকজন চোরাচালানিকে ফাঁসিয়ে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। আদালত সূত্র জানায়, সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম কবির উদ্দিন ২০০৪ সালের ১১ জুন এ-সংক্রান্ত মামলা দুটির অভিযোগপত্র দেন। এরপর আবার অধিকতর তদন্ত করেন সিআইডির তৎকালীন আরেক কর্মকর্তা নওশের আলী। তিনি একই বছরের ২৮ আগস্ট সম্পূরক অভিযোগপত্র দেন। এর মধ্যে অস্ত্র ও চোরাচালান মামলার উভয় অভিযোগপত্রে যথাক্রমে ৪৪ ও ৪৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে চট্টগ্রামের স্থানীয় চোরাচালানি হাফিজুর রহমানকে প্রধান আসামি করা হয়। অন্য আসামিরা হলেন ঘাটশ্রমিক, ট্রাকশ্রমিক, ট্রলারমালিক ও স্থানীয় ছোটখাটো চোরাচালানি। এসব আসামির মধ্যে মনির আহমদ, ইয়াকুব আলী, আতাউর রহমান ও আবুল কাশেম ওরফে মধু নামের চার আসামি পরে মারা যান। পুরোনো আসামিদের মধ্যে হাফিজুর রহমান ও দিন মোহাম্মদ এখন কারাগারে ও কয়েকজন পলাতক। অন্যরা জামিনে মুক্ত আছেন। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এ-সংক্রান্ত মামলা দুটির বিচার শুরু হলে একের পর এক সাক্ষীকে বৈরী ঘোষণা করেন তৎকালীন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের নভেম্বরে তৎকালীন পিপি আহসানুল হক হেনা মামলা দুটি অধিকতর তদন্তের জন্য আবেদন করেন। তৎকালীন মহানগর দায়রা জজ (বর্তমানে হাইকোর্টের বিচারপতি) এ এন এম বশিরউল্লাহ সাতটি পর্যবেক্ষণের ভিত্তিতে অধিকতর তদন্তের আদেশ দেন।সিআইডির জ্যেষ্ঠ এএসপি মনিরুজ্জামান চৌধুরী প্রায় সাড়ে তিন বছর ১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত উভয় মামলা তদন্ত করেন।সূত্রমতে, আদালতের সাত নির্দেশনার মধ্যে শুধু একটি, অর্থাৎ কোন জাহাজে করে অস্ত্র চালান সেন্ট মার্টিন দ্বীপের অদূরে আনা হয়, তা বের করতে পারেনি সিআইডি। বাকি ছয়টি নির্দেশনা উদ্ঘাটন করা হয়েছে বলে সিআইডির একাধিক কর্মকর্তা দাবি করেন। আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ইতিপূর্বে আদালতে দেওয়া সিআইডির একাধিক তদন্ত-অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, উলফার (ইউনাটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম) জন্য চীন থেকে এসব অবৈধ সমরাস্ত্র আনা হয়। এ ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার তৎকালীন উচ্চপর্যায়ের অনেক কর্মকর্তা ও রাষ্ট্রীয় উচ্চপর্যায়ের কিছু ব্যক্তির যোগসাজশ ছিল।