নিজামী-বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালানের পৃথক দুটি মামলায় ১১ আসামির বিরুদ্ধে আজ মঙ্গলবার বিকেলে অভিযোগ গঠন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান নয় আসামির উপস্থিতিতে এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে এ মামলায় ২৯ নভেম্বর থেকে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।এর আগে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত তিন আসামির এবং গতকাল সোমবার সাত আসামির পক্ষে ও বিপক্ষে কৌঁসুলিরা তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।পরে আজ বিকেল পৌনে চারটায় সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহমেদ তাঁর বক্তব্য শেষ করার পর বিচারক আসামিদের কিছু বলার আছে কি না, জানতে চান।প্রথমে সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী, পরে লুত্ফুজ্জামান বাবরসহ নয়জন আসামি তাঁদের নির্দোষ দাবি করেন। বিচারক এরপর তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।আসামিরা হলেন মতিউর রহমান নিজামী, লুত্ফুজ্জামান বাবর, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক আবদুর রহিম, সামরিক গোয়েন্দা মহাপরিদপ্তরের তত্কালীন পরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক পরিচালক সাহাবউদ্দিন ও সাবেক উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন এবং মাঠ কর্মকর্তা আকবর আলী, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসীনউদ্দিন তালুকদার ও মহাব্যবস্থাপক এনামুল হক এবং দুই পলাতক আসামি উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া ও সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমীন।প্রসঙ্গত, ২০০৪ সালের ২ এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া সার-কারখানার জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক হয়। ঘটনার পর তত্কালীন সরকারের আমলে তদন্ত কর্মকর্তা দায়সারা গোছের অভিযোগপত্র দাখিল করেন। এতে নেপথ্য-নায়কেরা বাদ পড়েন। তত্কালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলার অধিকতর তদন্ত শুরু হয়। এতে একে একে ১১ জন্য প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পান তদন্ত কর্মকর্তা।