নিজামী-মুজাহিদ-সাঈদীসহ ১১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হত্যার প্রায় আড়াই বছর পর আজ সোমবার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াত-শিবিরের ১১০জন নেতাকর্মীর নাম রয়েছে। মামলার পঞ্চম তদন্ত কর্মকর্তা রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে এক হাজার ২৬৯ পৃষ্ঠার এ অভিযোগপত্র দাখিল করেন। একই সঙ্গে ফারুক হত্যার সময় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায়ও অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এ মামলায় শুধু দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এ দুইজন ফারুক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের তত্কালীন সভাপতি শামসুল আলম ওরফে গোলাপ, সেক্রেটারি মোবারক হোসেন, রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমান, সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি সিদ্দিক হুসাইন। রাজশাহী মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, এ মামলায় চারবার তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে। প্রথমে মামলার তদন্তভার মতিহার থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলামকে পরে উপ-পরিদর্শক আরিফুজ্জামানকে দেওয়া হয়। এরপর তাঁকে বাদ দিয়ে দায়িত্ব দেওয়া হয় উপ-পরিদর্শক সোহেল রানাকে। ২০১০ সালের নভেম্বর মাসে মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় । রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তোফাজ্জল হোসেন খান মামলাটি তদন্ত করছিলেন। কিন্তু ফেনসিডিল ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ৫ মার্চ তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়। তিনিই এই মামলার এমই (মেমো অব এভিডেন্স) প্রস্তুত করেছিলেন। বরখাস্ত করার আগে তাঁকে দিয়ে মামলার এমই লিখে নেওয়া হয়। ৫ মার্চ রাতে আলোচিত এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে রাজপড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমানকে। ২০১০ সালের ৮ ফেরুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ক্যাডারেরা সশস্ত্র হামলা চালিয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনকে নৃশংসভাবে হত্যাসহ চার ছাত্রলীগ কর্মীর হাত ও পায়ের রগ কেটে দেয়। এ সময় কুপিয়ে জখম করা হয় আরও ৪০ ছাত্রলীগ নেতা-কর্মীকে। এ ঘটনায় ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার তত্কালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে আরো ৪০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে নগরের মতিহার থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্যবহনের অভিযোগসহ মোট ১৪টি মামলা করা হয়। দীর্ঘ আড়াই বছর পর মামলার অভিযোগপত্র দেওয়ার ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এম ওবায়দুল্লাহ বলেন, এটি একটি স্পর্শকাতর মামলা। এ মামলায় আসামি অনেক। ঘটনার সঙ্গে তারা কে কীভাবে সম্পৃক্ত ছিলেন, তা অনুসন্ধান করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করতে সময় লেগেছে। জামায়াতের শীর্ষ তিন নেতা কীভাবে এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন—জানতে চাইলে তিনি বলেন, তাঁরা পরিকল্পনাকারী হুকুমদাতা হিসাবে মামলার আসামি হয়েছেন।