নিজামী-মুজাহিদকে জিজ্ঞাসাবাদ করতে হবে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে।ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন। আদেশে বলা হয়, আসামিদের এক দিন করে জিজ্ঞাসাবাদ করা যাবে এবং সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ চলবে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদ-প্রক্রিয়া আসামিপক্ষের একজন আইনজীবী পাশের কক্ষ থেকে দেখতে পারবেন, তবে শুনতে পারবেন না। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য কারা কর্তৃপক্ষকে একটি বিশেষ কক্ষ নির্ধারণ করতে বলা হয়েছে।এর আগে বেলা পৌনে ১১টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে এজলাসে হাজির করা হয়নি। শুরুতে প্রসিকিউটররা নিজামী ও মুজাহিদকে তিন দিন করে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আর্জি জানান। এর বিরোধিতা করেন নিজামীর আইনজীবী তাজুল ইসলাম ও মুজাহিদের আইনজীবী মুন্সী আহসান কবির।প্রসঙ্গত, নিজামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৩ মার্চ এবং মুজাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য ২৭ মার্চ আবেদন করা হয়।নিজামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়ে প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান ট্রাইব্যুনালে বলেন, মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের তথ্য-প্রমাণসংবলিত নথি, পত্রিকা, ম্যাগাজিন, অডিও ও ভিডিওচিত্রসহ পর্যাপ্ত দালিলিক প্রমাণ পাওয়া গেছে। এ জন্য তদন্ত সংস্থার হেফাজতে এনে তিন দিন জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মুজাহিদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়ে আর্জি জানান প্রসিকিউটর জেয়াদ-আল মালুম। তদন্ত সংস্থাকে দেওয়া ধানমন্ডির একটি বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য আর্জি জানানো হয়। এর বিরোধিতা করে মুন্সী আহসান কবির বলেন, আসামিদের বিরুদ্ধে প্রসিকিউটর পর্যাপ্ত তথ্য-প্রমাণসংবলিত কোনো দালিলিক প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। আসামিরা দুজনই সমাজের সম্মানিত ব্যক্তি। তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা ঠিক নয়। তাই ওই আবেদন নাকচ করা হোক। আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর বিশেষ কক্ষে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন। এরপর প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, ‘আমাদের কাছে কিছু ম্যাটেরিয়ালস আছে। যা এখন প্রকাশ করা যাবে না। এগুলো সঙ্গে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে।’ তিনি তদন্ত সংস্থাকে দেওয়া ধানমন্ডির বাড়িতে আইনের আওতায় জিজ্ঞাসাবাদের অনুমতি চান।শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশ দেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ, প্রসিকিউটর আবদুর রহমান হাওলাদার, মোখলেসুর রহমান প্রমুখ শুনানিকালে উপস্থিত ছিলেন।