নিজামী-মুজাহিদকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে ধানমন্ডির সেফ হোমে (বাড়ি নম্বর ২০/এ, রোড-১৬) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্য এ আদেশ দেন। একই সঙ্গে এক দিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদকালে পাশের কক্ষে এ দুই নেতার আইনজীবী থাকতে পারবেন বলে ট্রাইব্যুনাল আদেশে উল্লেখ করেছেন। এ ছাড়া ট্রাইব্যুনাল জিজ্ঞাসাবাদকালে একজন চিকিত্সক রাখতে সরকারকে নির্দেশ দিয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিশেষ কক্ষে নিজামী ও মুজাহিদকে জিজ্ঞাসাবাদের অনুমতি-সংক্রান্ত ট্রাইব্যুনালের ৫ এপ্রিলের আদেশ আংশিক সংশোধন চেয়ে তদন্ত সংস্থার করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। ১০ এপ্রিল তদন্ত সংস্থা প্রসিকিউশন শাখার মাধ্যমে ট্রাইব্যুনালে আবেদনটি করেছিল। এ ছাড়া শুনানি মুলতবির জন্য আসামি পক্ষ ১১ এপ্রিল আবেদন করে। শুনানি মুলতবির আবেদন আজ খারিজ করা হয়েছে। সকালে শুনানিতে অংশ নিয়ে প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান বলেন, ন্যায়বিচারের স্বার্থে ৫ এপ্রিল ট্রাইব্যুনালের দেওয়া আদেশে আংশিক সংশোধন চাচ্ছি। ওই আদেশে ট্রাইব্যুনাল এক দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন। কারা কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়েছে, ট্রাইব্যুনালের আদেশ অনুসারে জিজ্ঞাসাবাদের সুযোগ ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেই। তিনি ধানমন্ডির সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়ার আরজি জানান। ট্রাইব্যুনাল এ পর্যায়ে বলেন, কারাগারে জিজ্ঞাসাবাদের উপযুক্ত ব্যবস্থা নেই বলেই কি স্থান পরিবর্তন করতে চাচ্ছেন? তিনি হ্যাঁ সূচক জবাব দেন। আসামি পক্ষের আইনজীবী মুন্সি আহসান কবীর শুনানি মুলতবির আবেদন জানান। তিনি জেলখানার বিভিন্ন কক্ষের বর্ণনা তুলে ধরে বলেন, কেন্দ্রীয় কারাগারে জিজ্ঞাসাবাদের সুযোগ রয়েছে। কিন্তু ট্রাইব্যুনালের আদেশ উপেক্ষা করা হয়েছে। ধানমন্ডির যে বাড়িটির কথা বলা হচ্ছে, সেটি সুরক্ষিত নয়। তিনি আদেশ সংশোধনের একটি আবেদন ট্রাইব্যুনালের দাখিল করে বলেন, জিজ্ঞাসাবাদের সময় আসামি পক্ষের আইনজীবীদের উপস্থিত থানার অধিকার রয়েছে। এ-সংক্রান্ত বিভিন্ন নজির তুলে ধরে তিনি বলেন, আইনজীবীদের উপস্থিত থাকার নজির রয়েছে।এরপর প্রসিকিউটর হায়দার আলী বলেন, ধানমন্ডির ওই বাড়িটি নিরাপদ, সুসজ্জিত ও সুরক্ষিত। এ পর্যায়ে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর কাছে জানতে চান, বাড়িটি নিরাপদ ও সুরক্ষিত কি না? জবাবে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য উপযুক্ত ও নিরাপদ মনে হয়েছে। শুনানি চলাকালে ট্রাইব্যুনাল একপর্যায়ে বলেন, ‘জেলগেটে জিজ্ঞাসাবাদের কথা আমাদের আদেশে বলা হয়নি। বলা হয়েছে কারা অভ্যন্তরের বিশেষ কক্ষে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করতে। এ ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ ট্রাইব্যুনালের আদেশটি গুরুত্ব দিয়ে দেখেনি। এ ব্যাপারে তাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।’ প্রসঙ্গত, তদন্তকারী সংস্থা গত ২৩ মার্চ নিজামী ও মুজাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালের অনুমতি চেয়ে আবেদন করে।