নিজামী-মুজাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, আদেশ ২৩ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আদেশ ২৩ মার্চ দেওয়া হবে। আজ রোববার মহানগর হাকিম আব্দুল্লাহ আল মামুন প্রাথমিক শুনানি শেষে আদেশের এ দিন ধার্য করেন।এর আগে আজ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরী। পরে মামলাটি শুনানির জন্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। মামলার অন্য তিন আসামি হলেন জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান ও ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি আ স ম ইয়াহিয়া। মামলার অভিযোগে বলা হয়, ১৭ মার্চ সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্রশিবিরের এক আলোচনা সভায় রফিকুল ইসলাম খান মহানবী (সা.)-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির নিজামীকে তুলনা করেন। এ বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে দাবি করে বাদী মামলাটি দায়ের করেন।