নিজামী-মুজাহিদের পুনর্বিবেচনার আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে ধানমন্ডির সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতির আদেশ পুনর্বিবেচনার জন্য করা আবেদন ট্রাইব্যুনাল নাকচ করে দিয়েছেন। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আবেদনটি নাকচ করে দেন।গতকাল বুধবার নিজামী ও মুজাহিদের পক্ষ থেকে আবেদনটি করা হয়েছিল। গত ১৩ মার্চ ট্রাইব্যুনাল ওই দুজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বদলে ধানমন্ডির সেফ হোমে (বাড়ি নম্বর ২০ এ, রোড-১৬) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। যেকোনো দিন সকাল ১০টা থেকে পাঁচটা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী সংস্থাকে অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ চলাকালে পাশের কক্ষে দুই নেতার পক্ষে আইনজীবী থাকতে পারবেন বলে ট্রাইব্যুনালের আদেশে উল্লেখ করা হয়। এ ছাড়া ওই সময় পাশের কক্ষে একজন চিকিত্সক রাখার কথাও বলা হয়েছিল। জানা যায়, ৫ এপ্রিল তদন্তকারী সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে জামায়াতের এ দুই নেতাকে কেন্দ্রীয় কারাগারের একটি বিশেষ কক্ষে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী সংস্থাকে অনুমতি দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তবে কারা ফটকে এ ধরনের কোনো ব্যবস্থা নেই বলে ইতিমধ্যে কারা কর্তৃপক্ষ ট্রাইব্যুনালকে অবহিত করে। এরপর তদন্তকারী সংস্থা ট্রাইব্যুনালের আদেশ সংশোধন চেয়ে ১০ এপ্রিল আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের ২৯ মার্চ বাড়িটি তদন্ত সংস্থাকে বরাদ্দ দেয় বলে জানা গেছে। এ পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। পরে ট্রাইব্যুনালের এ অনুমতির পুনর্বিবেচনা চেয়ে গতকাল আসামি পক্ষ থেকে আবেদন করা হয়।