নিজামীকে গ্রেপ্তারের দাবি ওলামা-মাশায়েখ সংহতি পরিষদের
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ওলামা-মাশায়েখ সংহতি পরিষদ। আজ সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংগঠনটির এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।ওলামা-মাশায়েখ সংহতি পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদউদ্দিন মাসুদ বলেন, ‘জামায়াতে ইসলামী ইসলামের শত্রু। তাদের মধ্যে ঈমানের বিন্দুমাত্রও নেই। আর এ কারণেই তারা মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীর তুলনা করছে।’ এর বিরুদ্ধে তিনি গ্রামে-গ্রামে ও মহল্লায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধের বিচারে বিলম্ব হওয়ায় জামায়াতে ইসলামী মহানবীর সঙ্গে নিজামীকে তুলনা করার সাহস পেয়েছে। বক্তারা যুদ্ধাপরাধের বিচার শুরু করার জোর দাবি জানান। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আরিফ উদ্দিন মারুফ, এলাহী নেওয়াজ, আমিনুল এহসান খান, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক সাহাদাত হোসেন প্রমুখ।