নিজামীকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ দুরভিসন্ধিমূলক: জামায়াত
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের তীব্র সমালোচনা করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। আজহারের অভিযোগ, ‘কথিত ওই সেফ হোম এরই মধ্যে জনগণের নিকট টর্চার সেল হিসেবে চিহ্নিত হয়েছে। ৭০ বছর বয়স্ক প্রবীণ রাজনীতিবিদ নিজামীকে সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ নিঃসন্দেহে দুরভিসন্ধিমূলক।’আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজহার এই অভিযোগ করেন।আজহার বলেন, প্রায় সাড়ে ১০ মাস ধরে মিথ্যা অভিযোগে বিনা বিচারে মাওলানা মতিউর রহমান নিজামীকে আটকিয়ে রেখেছে আওয়ামী লীগ সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করাতে পারেনি।আজহারুল ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মতিউর রহমান নিজামীসহ জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের বিচার করা এ সরকারের উদ্দেশ্য নয়। যাদের সহযোগিতায় এ সরকার ক্ষমতায় এসেছে, তাদের স্বার্থ হাসিলের পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তাদের রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই বিচারের নামে এ প্রহসন।আজহারুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল মোটেই নিরপেক্ষ নয়। সরকার ট্রাইব্যুনালকে দিয়ে বিচারের নামে প্রহসন করে তাদের ইচ্ছা পূরণ করতে চায়।আজহারুল অভিযোগ করেন, দেশপরিচালনায় আওয়ামী লীগ ব্যর্থ। মুক্তাঙ্গনে মুক্তভাবে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সরকার গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে হত্যা করার যাবতীয় কলাকৌশল অবলম্বন করছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, প্রচার সেক্রেটারি তাসনীম আলম, ঢাকা মহানগরের আমীর রফিকুল ইসলাম খান প্রমুখ।