নিজামীর আইনজীবীদের প্রস্তুতির সময় দিলেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপনের প্রস্তুতির জন্য আসামিপক্ষকে আরও সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ এ বিষয়ে জোরালো আপত্তি জানায়। আদালত ‘ন্যায়বিচারের জন্য’ ২৭ মার্চ শুনানির দিন ধার্য করেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল (এক সদস্য অনুপস্থিত ছিলেন) গতকাল বুধবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, আসামিপক্ষ বলেছে, প্রস্তুতির জন্য তাদের আরও সময় দরকার। ট্রাইব্যুনালের ৭ মার্চের আদেশে আসামিপক্ষকে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেওয়ার কথা বলা হয়েছিল। রাষ্ট্রপক্ষ জোরালো আপত্তি জানালেও ন্যায়বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল আসামিপক্ষকে আরও সময় দিতে চান। ২৭ মার্চ শুনানির দিন ধার্য করা হলো।সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী ও আলতাফ উদ্দিন আহমেদ। তাঁরা নিজামীর বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের ১৫টি অভিযোগের পক্ষে তদন্ত প্রতিবেদন, আনুষ্ঠানিক অভিযোগ, সাক্ষীদের জবানবন্দিসহ সংশ্লিষ্ট নথিপত্রের বিষয়ে ট্রাইব্যুনালকে অবগত করেন। নিজামী এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। ট্রাইব্যুনাল বলেন, আসামির বিরুদ্ধে আনা প্রথম চারটি অভিযোগে বলা হয়েছে, তিনি বিভিন্ন জায়গায় পাকিস্তানের পক্ষে কথা ও পাকিস্তানের দুশমনদের খতম করতে বলেছেন। এ ধরনের কথা বলে তিনি মুক্তিকামী বাঙালির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য উসকানি বা প্ররোচনা দিয়েছেন এবং এতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩(২)(জি) ধারায় অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো অপরাধ না ঘটলে বক্তব্য দেওয়া কি অপরাধ হবে?জবাবে হায়দার আলী বলেন, রাজনৈতিক নেতারা যখন বক্তৃতা দেন, সেই বক্তব্যে কোনো সরাসরি নির্দেশ না-ও থাকতে পারে। কিন্তু তাতে অনুসারীরা মানসিক শক্তি পায়, উজ্জীবিত হয়। এমন উত্তেজনা যখন একটি গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে, তখন ভয়াবহ ঘটনা ঘটতে পারে।রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল আসামিপক্ষকে যুক্তি উপস্থাপন করতে বলেন। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষের মতো তাঁদের যুক্তি উপস্থাপন আধঘণ্টায় শেষ হবে না। শুনানির প্রস্তুতির জন্য তাঁদের অনেক পড়াশোনা করতে হবে। তিনি প্রশ্ন তুলে বলেন, অভিযোগের প্রসঙ্গে কোনো আইনি যুক্তি রাষ্ট্রপক্ষ দেয়নি। শুধু কয়েকটি নোট দিলেই হবে?ট্রাইব্যুনাল বলেন, সবাই পড়াশোনা করে শুনানির প্রস্তুতি নিয়ে আসুক, এটা ট্রাইব্যুনাল চায়।তাজুল ইসলাম বলেন, এখানে এলে মনে হয়, এত দিন যা শিখেছি তা ভুলে যাওয়াই ভালো। তাঁর এ মন্তব্যে ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করে বলেন, আপনি আরেকটি বাজে কথা বললেন।পরে ট্রাইব্যুনাল শুনানির প্রস্তুতির জন্য সময় দিয়ে আদেশ দেন। গত বছরের ৩১ অক্টোবর নিজামীর বিরুদ্ধে তদন্ত সংস্থার প্রতিবেদন দাখিলের পর ১১ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দেয়। ৯ জানুয়ারি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এরপর তিনবার অভিযোগের বিষয়ে শুনানি পুনর্নির্ধারণ করা হয়। গত ১৩ থেকে ১৫ মার্চ তিন দিনে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন শেষ করে রাষ্ট্রপক্ষ।কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন ২৮ মার্চ: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ২৮ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে। গতকাল আসামিপক্ষ অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন মুলতবির আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। ট্রাইব্যুনাল আদেশে বলেন, যোগাযোগে ঘাটতির কারণে আসামিকে আজ (গতকাল) হাজির করা যায়নি। এ জন্য শুনানি মুলতবি করতে হচ্ছে। ২৮ মার্চ আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের সময় তাঁকে হাজির করতে হবে।