জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিকেলে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম আবদুল হাকিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ খারিজ আদেশ দেন। পাঁচ দিন উভয় পক্ষের শুনানি শেষে গত সোমবার আদালত আজ আদেশের দিন ধার্য করেছিলেন।জামায়াতের অপর তিন নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার একই আবেদন রয়েছে। বর্তমানে এই চার নেতা ট্রাইব্যুনালের আদেশে কারাগারে আটক।আদেশের পর রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল প্রথম আলোকে বলেন, নিজামীর আবেদন খারিজ হওয়ায় একই যুক্তিতে অপর আবেদনগুলোও খারিজ হয়ে যাবে। নিজামীর আইনজীবী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ট্রাইব্যুনালের কার্যক্রম বাতিল চেয়ে আবেদন করা হয়। আদালত তা খারিজ করে দিয়েছেন। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে। একই যুক্তিতে অপর তিনটি আবেদন করা হয়। তাই এগুলোও খারিজ হয়ে যাবে। জানা যায়, গত আগস্টে হাইকোর্টে এই আবেদন করা হয়। গত ৬ ডিসেম্বর আবেদনের ওপর শুনানি শুরু হয়। আদালতে নিজামীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানি করেন।আবদুর রাজ্জাক শুনানিতে বলেছিলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কারও বিরুদ্ধে অভিযোগ গঠন না করে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায় না। এমনকি আটক রাখার আদেশ দেওয়া যায় না। কিন্তু আবেদনকারীদের ক্ষেত্রে কোনো অভিযোগ গঠন ছাড়াই আটক রাখার আদেশ দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল যে কার্যক্রম নিয়েছেন, তা এখতিয়ার-বহির্ভূত। এখতিয়ার-বহির্ভূত কিছু করা হলে হাইকোর্ট বিভাগের সে বিষয়ে হস্তক্ষেপ করার এখতিয়ার রয়েছে।এর বিরোধিতা করে এম কে রহমান বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে হাইকোর্টে কোনো ধরনের প্রশ্ন তোলা যাবে না। হাইকোর্টে এ ধরনের আবেদন করা যাবে না। আদালতের এ ধরনের আবেদন গ্রহণের এখতিয়ার নেই।প্রসঙ্গত, নিজামী ও মুজাহিদকে গত ২৯ জুন আর কামারুজ্জামান ও কাদের মোল্লাকে ১৩ জুলাই গ্রেপ্তার করা হয়। অভিযোগের সুষ্ঠু তদন্তে গত ২২ জুলাই জামায়াতের এই চার নেতাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রসিকিউশন শাখায় আবেদন করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আবেদনটি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ২৫ জুলাই ট্রাইব্যুনালে জমা দেন। ২৬ জুলাই ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এরপর ট্রাইব্যুনাল তাঁদের আটক রাখার নির্দেশ দেন।