নিজামীর আসনে আবার চাঙা বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের পাবনা-১ (সাঁথিয়া ও বেড়ার একাংশ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা প্রস্তুতি শুরু করেছেন। আবার চাঙা হয়ে উঠেছেন দলটির নেতা-কর্মীরা। গত কয়েকটি নির্বাচনে এ আসনে জামায়াতে ইসলামী ও চারদলীয় জোটের প্রার্থী ছিলেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। তবে আগামী নির্বাচনে তাঁর প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।সম্প্রতি হাইকোর্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন। এর বিরুদ্ধে জামায়াত আপিল করবে। আপিল নিষ্পত্তির পর নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে নির্বাচন কমিশনার জাবেদ আলী গত বুধবার সাংবাদিকদের জানিয়েছেন। কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে দলের কেউ নির্বাচন করলে তাঁকে স্বতন্ত্র প্রার্থী হতে হবে। কিন্তু নির্বাচনী আইন অনুযায়ী, মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন। নির্বাচনের আগে এ মামলার রায় হলে এবং ওই রায়ে নিজামী দণ্ডিত হলে তিনি প্রার্থী হতে পারবেন না। এতে বিএনপি আসনটি জামায়াতকে না-ও ছাড়তে পারে। এমন হিসাব করেই বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা আশাবাদী হয়ে উঠেছেন।অবশ্য জামায়াতের স্থানীয় নেতারা বলছেন, নিজামী প্রার্থী হতে না পারলে দল তাঁর ছেলেকে এ আসনে মনোনয়ন দেবে বলে তাঁরা আশা করছেন।বিএনপির সূত্র জানায়, এ আসনে বিএনপির প্রার্থী দেওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় দলীয় মনোনয়ন পেতে আগ্রহীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। তাঁদের অনেকে পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল, আলোচনা ও গণসংযোগের মাধ্যমে প্রচারণা চালিয়েছেন। পবিত্র ঈদুল ফিতরে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে রঙিন পোস্টার ও ফেস্টুন দিয়ে নিজের আগ্রহ জানান দিয়েছেন। ঈদের দিন তাঁরা তৃণমূল নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময়ও করেছেন।নিজামী ১৯৯১ সালে জামায়াতের প্রার্থী হিসেবে এবং ২০০১ সালে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে পাবনা-১ আসনের সাংসদ নির্বাচিত হন। তিনি জোট সরকারের শিল্পমন্ত্রী ছিলেন। তবে নবম সংসদ নির্বাচনে তিনি মহাজোটের প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর কাছে পরাজিত হন। এ আসনে একসময় বিএনপির প্রার্থী ছিলেন সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী মনজুর কাদের। জোটের স্বার্থে তিনি এ আসন ছেড়ে দিয়ে সিরাজগঞ্জের একটি আসন থেকে নির্বাচন করেন। এতে বেড়া-সাঁথিয়ার নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়লে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে।বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সামাদ লাল বলেন, ‘জোটের প্রয়োজনে মনজুর কাদের এ আসন থেকে সরে যাওয়ায় গোটা এলাকায় নেতৃত্বের সংকট দেখা দিয়েছে।’ভোটের হিসাবে এ আসনে বিএনপির অবস্থানও ভালো। বিশেষ করে বেড়ায় বিএনপির শক্ত অবস্থান রয়েছে। সাঁথিয়ায় নিজামীর বাড়ি হওয়ায় সেখানে জামায়াতের অবস্থান মজবুত।বেড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রইজউদ্দিন বলেন, ‘এ আসনে জামায়াতের চেয়ে বিএনপির ভোট অনেক বেশি। বিএনপির প্রার্থী মনোনয়ন পেলে নির্বাচনে ভালো ফল করবেন। আমাদের নেতা-কর্মীরা দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাকে এ আসনে প্রার্থী দেখতে চান। তবে কেন্দ্র থেকে বিএনপি বা জামায়াতের যাঁকেই মনোনয়ন দেওয়া হবে, আমরা তাঁর পক্ষেই কাজ করব।’খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. ইউনুস আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এম এ আজিজ, ধোপাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন খান প্রমুখ। এম এ আজিজ ছাড়া অন্যরা এলাকায় পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড ঝুলিয়েছেন। নিজামীর পক্ষেও ঈদ শুভেচ্ছা জানিয়ে পোস্টার সাঁটানো হয়েছে।মনোনয়নপ্রত্যাশী শামসুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পর এ আসনে বিএনপির কেউ প্রার্থী হতে যাচ্ছেন। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।’ আরেক মনোনয়নপ্রত্যাশী মো. ইউনুস বলেন, ‘দলের শীর্ষ পর্যায়ের নির্দেশে আমি গণসংযোগ চালিয়ে যাচ্ছি। দলের স্থানীয় নেতা-কর্মী ও জনগণ আমার সঙ্গে আছেন।’তবে বেড়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবু দাউদ বলেন, ‘আমরা বিশ্বাস করি, নিজামী আদালতে নির্দোষ প্রমাণিত হয়ে এ আসনে প্রার্থী হবেন। তবে কোনো কারণে তিনি প্রার্থী হতে না পারলে তাঁর ছেলে নাজিব মোমিনকে আমরা জোটের প্রার্থী হিসেবে চাইব।’