মানবতাবিরোধী অপরাধের বিচার: রাষ্ট্রপক্ষের সাক্ষী শাহজাহান
নিজামীর উপস্থিতিতে তাঁর গলায় ছুরি চালানো হয়
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী মো. শাহজাহান আলী। তাঁর জবানবন্দি অনুসারে, মুক্তিযুদ্ধকালে নিজামীর উপস্থিতিতে বেয়নেট দিয়ে খোঁচানোর পর তাঁর গলায় ছুরি চালানো হয়।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শাহজাহানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল হোসেন। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।অস্পষ্ট ও ভাঙা কণ্ঠস্বরে দেওয়া জবানবন্দিতে শাহজাহান আলী (৬৪) বলেন, তাঁর গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া থানার মিয়াপুর গ্রামে। তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সরকারিভাবে মাসিক ১০ হাজার টাকা ভাতা পান। একাত্তরের ২৮ নভেম্বর ধূলাউড়ি গ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি সেনাদের যে যুদ্ধ হয়, তাতে তিনি অংশ নেন। শেষ রাতের যুদ্ধে তিনিসহ আটজন মুক্তিযোদ্ধা পাকিস্তানি সেনাদের কাছে ধরা পড়েন। তাঁকে মারধর করা হয়; এরপর মতিউর রহমান নিজামীর কথামতো সাত্তার রাজাকার তাঁকেসহ চারজন মুক্তিযোদ্ধাকে নদীর পাড়ে নিয়ে যায়। নিজামী সেখানে উপস্থিত ছিলেন। প্রথমে তাঁর ওপর বেয়নেট চার্জ করা হয়, পরে গলায় ছুরি চালানো হয়। অন্য মুক্তিযোদ্ধাদের বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী গ্রামে রঞ্জিত সরকারের বাড়িতে নিয়ে যায়, পরে তাঁকে নেওয়া হয় পাবনা হাসপাতালে। সেখানে এক মাস চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চার বছর চিকিৎসাধীন ছিলেন। ধূলাউড়ি গ্রামে ওই যুদ্ধে ৩০০ থেকে ৪০০ মানুষ মেরে ফেলা হয়।জবানবন্দি শেষে শাহজাহান আলী আসামির কাঠগড়ায় বসা নিজামীকে শনাক্ত করেন। পরে শাহজাহানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরায় কয়েকটি প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ১৯৭৩ সালে তিনি ঢাকায় সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে যোগ দেন। এর প্রায় দুই বছর পর তিনি পাবনায় বদলি হন। ১৯৮৪ সালে সোনালী ব্যাংকের বেড়া শাখায় থাকাকালে তিনি চাকরিচ্যুত হন। তাঁর বিরুদ্ধে শাখা ব্যবস্থাপকের সঙ্গে যোগসাজশে ব্যাংকের টাকা লুটের অভিযোগ আনা হয়েছিল। তবে তিনি এর সঙ্গে জড়িত ছিলেন না। বিভাগীয় এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল বা মামলা করেননি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরের ১৪ জুন তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন।জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম কাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।