নিজামীর চিকিত্সা বিষয়ে জেল সুপার ও কারা চিকিত্সককে সতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর চিকিত্সার বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ও কারা চিকিত্সককে সতর্ক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ট্রাইব্যুনাল নিজামীর চিকিত্সার ক্ষেত্রে পরে যেন আর কোনো ত্রুটি না হয়, তা নিশ্চিত করতে তাঁদের নির্দেশ দিয়েছেন। জেল সুপারের বিরুদ্ধে নিজামীর আইনজীবী তাজুল ইসলামের করা আদালত অবমাননার একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার সকালে এ আদেশ দেন।পূর্বনির্ধারিত তারিখ অনুয়ায়ী আজ সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনালে ওই আবেদনের ওপর শুনানি হয়। শুনানিতে তাজুল ইসলাম বলেন, গত ২১ এপ্রিল ট্রাইব্যুনালের আদেশ অনুসারে নিজামীকে বারডেম হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। ১৫ দিন পরে তাঁকে আবারও বারডেম হাসপাতালে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আলতাফ হোসাইন কারা চিকিত্সকের পরামর্শে নিজামীকে বারডেমে পাঠাননি, যা ট্রাইব্যুনালের আদেশের অবমাননা।রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম এ বক্তব্যের বিরোধিতা করেন। পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। তবে পরে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার জন্য জেল সুপার ও কারা চিকিত্সককে নির্দেশ দেন।