নিজামীর চিকিত্সা-সংক্রান্ত নির্দেশনার ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর চিকিত্সা-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের ব্যাখ্যা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে ২৩ অক্টোবরের মধ্যে কারা কর্তৃপক্ষকে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে নিজামীর ইতিপূর্বে দেওয়া চিকিত্সা-সংক্রান্ত ট্রাইব্যুনালের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী তাজুল ইসলাম। আজ বুধবার সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।নিজামীর চিকিত্সা ক্ষেত্রে ট্রাইব্যুনালের এ-সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না—এ দাবিতে আদালত অবমাননার অভিযোগে ৩ অক্টোবর ট্রাইব্যুনালে আবেদনটি করা হয়। মতিউর রহমান নিজামী নিজেই আবেদনটি করেন। আজ সকালে এ আবেদনের ওপর শুনানি হয়।শুনানিতে নিজামীর পক্ষে অংশ নেন আইনজীবী তাজুল ইসলাম, রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। পরে তাজুল ইসলাম আবেদনের বিষয়বস্তু সম্পর্কে প্রথম আলোকে বলেন, ‘গত ২১ এপ্রিল ট্রাইব্যুনাল মতিউর রহমান নিজামীর চিকিত্সাসেবা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নিজ খরচে বারডেমে চিকিত্সাসেবা দিতে বলা হয়েছিল। এ নির্দেশনা অনুসরণও করা হচ্ছিল। কিন্তু গত ২৪ আগস্ট থেকে অর্থোপেডিক বিভাগের রেজিস্র্বার চিকিত্সক মজিবুর রহমান ১৫ দিন পর নিজামীকে বারডেমে নিয়ে যেতে ২৪ আগস্ট নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি ও চিকিত্সা দেওয়া হয়নি। এটা আদালত অবমাননার শামিল। আমরা কারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার চেষ্টা করেও পাইনি।’ এ প্রেক্ষাপটে আবেদনটি করা হয় বলে তিনি জানান।