মানবতাবিরোধী অপরাধের বিচার: জবানবন্দিতে শহীদজায়া শ্যামলী নাসরিন
নিজামীর নির্দেশে আলীম চৌধুরীকে আলবদররা ধরে নিয়ে যায়
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে নিজামীর নির্দেশে তাঁর স্বামী শহীদ ডা. আবদুল আলীম চৌধুরীকে ধরে নিয়ে যায় আলবদর সদস্যরা। তিন দিন পর রায়েরবাজার বধ্যভূমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।শ্যামলী নাসরিন চৌধুরী এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ। প্রায় সোয়া দুই ঘণ্টা জবানবন্দিকালে শ্যামলী নাসরিন কয়েক দফা কান্নায় ভেঙে পড়েন। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।জবানবন্দিতে শ্যামলী নাসরিন বলেন, তাঁর পেশা শিক্ষকতা। ১৯৬৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ও পরে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে এমএড ডিগ্রি অর্জন করেন। একাত্তরে তিনি স্বামী, মা-বাবা, ভাইবোনসহ ঢাকার ২৯/১ পুরানা পল্টনের তিনতলা বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর স্বামী চক্ষু বিশেষজ্ঞ আলীম চৌধুরী পিজি হাসপাতাল (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়), ঢাকা মেডিকেল, রাজশাহী মেডিকেল ও মৃত্যুর আগ পর্যন্ত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করেন। আলীম চৌধুরী তৎকালীন পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পাকিস্তান অপথালমোলজিক্যাল (চক্ষুবিদ্যা) অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সচিব ছিলেন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, আলীম চৌধুরী প্রগতিশীল ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলেন। তিনি বায়ান্নর ভাষাসৈনিক, ১৯৫৪ সালে শহীদ মিনারে পতাকা উত্তোলনের সময় গ্রেপ্তার হন। তিনি আইয়ুববিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন। সমাজতান্ত্রিক ভাবাদর্শে বিশ্বাসী হওয়ায় তাঁকে তৎকালীন সরকারের অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। এ জন্য তিনি যুক্তরাজ্যে চলে যেতে বাধ্য হন। সেখানেও তিনি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি লন্ডন বাংলা একাডেমীর প্রতিষ্ঠাতা। পরে দেশে ফিরে তিনি আবার বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার আন্দোলন করেন। পুরানা পল্টনের বাসায় তাঁর চেম্বারটি ছিল সামাজিক-রাজনৈতিক নেতা-কর্মীদের মিলনকেন্দ্র। ওই চেম্বার থেকে উপার্জিত অর্থের অর্ধেকের বেশি তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যয় করতেন। একাত্তরের ২৫ মার্চের পর তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে বিভিন্ন কাজ করেন। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করে তাঁদের পৌঁছে দিতেন, মুক্তিযোদ্ধাদের কয়েকটি গোপন হাসপাতাল ছিল, যেখানে তিনি ও ডা. ফজলে রাব্বী গিয়ে চিকিৎসাসেবা দিতেন।শ্যামলী নাসরিন বলেন, ‘একাত্তরের জুলাই মাসের মাঝামাঝি আমাদের পুরানা পল্টনের বাসায় এক ব্যক্তি আসেন, পরে জানলাম তাঁর নাম মাওলানা আবদুল মান্নান। আমরা তাঁকে চিনতাম না বলে আশ্রয় দিতে চাইনি। তখন আমাদের প্রতিবেশী পিডিপির (পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি) মতিন সাহেব অনেক অনুরোধ করে বললেন, মাওলানা মান্নানের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তিনি পরিবার-পরিজন নিয়ে একেবারে পথে বসেছেন। তাঁকে দুই-তিন দিন আশ্রয় দেন। পরে আমরা তাঁকে আশ্রয় দিই।’রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, কয়েক দিনের মধ্যে তাঁরা দেখেন, মাওলানা মান্নানের ঘর আসবাবে ভরে গেছে, পাকিস্তানি সেনারা সেখানে যাতায়াত শুরু করেছে। একপর্যায়ে জানতে পারেন, মাওলানা মান্নান বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করে বাড়ির নিচতলা ভাড়া নিয়েছেন। কয়েক দিন পর দেখেন, ছাই রঙের প্যান্ট ও নীল শার্ট পরা কয়েকজন যুবক অস্ত্র হাতে তাঁদের বাড়ির চারদিকে পাহারা দিচ্ছে। তাঁর স্বামী ওই যুবকদের পরিচয় জানতে চাইলে মাওলানা মান্নান জানান, তারা আলবদর বাহিনীর সদস্য ও তিনি আলবদরের সংগঠক। মুক্তিযোদ্ধারা তাঁকে (মাওলানা মান্নান) মেরে ফেলতে পারে—এ জন্য পাহারা বসানো হয়েছে।শ্যামলী নাসরিন বলেন, তাঁরা জানতে পারেন, মূলত ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সদস্যরাই আলবদর বাহিনী গঠন করেছে। আলবদরের কেন্দ্রীয় নেতা ছিলেন গোলাম আযম, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ পাকিস্তানি সেনাদের সব অপকর্মের সহযোগী ছিল আলবদর বাহিনী। তারা মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে চোখ বেঁধে মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা ইনস্টিটিউটে ধরে নিয়ে যেত। সেখানে আলবদরের হাইকমান্ডের নির্দেশে তাঁদের নির্যাতন করে হত্যা করা হতো। এ খবর রেডিও, পত্রিকা, লিফলেট, মুক্তিযোদ্ধাদের ও তাঁর স্বামীর কাছে তিনি শুনেছেন। মুক্তিযুদ্ধকালে তিনি ট্রাকে চোখ বাঁধা অবস্থায় অনেক লোককে ধরে নিয়ে যেতে দেখেছেন।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, একাত্তরের ১৫ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে তিনি, তাঁর মা ও স্বামী দোতলার বারান্দায় বসেছিলেন। এ সময় ভারতীয় বিমানবাহিনী ঢাকা শহরে বোমাবর্ষণ করছিল। এ সময় একটি কাদালেপা মাইক্রোবাস মাওলানা মান্নানের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। আনুমানিক ৩০ মিনিট পর তাঁদের বাসার উত্তর দিকের দরজায় প্রচণ্ড শব্দ হতে থাকে এবং দরজা খুলতে বলা হয়। তিনি জানালা থেকে দেখতে পান, অস্ত্র হাতে তিনজন আলবদর দরজায় লাথি মারছে। স্বামীর কথামতো তাঁর চেম্বারের দুই সহকারী হাকিম ও মমিন দরজা খুলতে যায়।শ্যামলী নাসরিন বলেন, ‘আলবদর সদস্যরা ভেতরে ঢুকেই বলে “হ্যান্ডস আপ।” আমার স্বামী বলেন, “কী ব্যাপার?” আলবদরদের একজন বলল, “আমাদের সঙ্গে গেলেই জানতে পারবেন, এটা আলবদরের হাইকমান্ড মতিউর রহমান নিজামীর নির্দেশ।” আমার স্বামী তখন বললেন, “কাপড়টা পাল্টে আসি।” ওরা বলল, “তার আর দরকার হবে না।” এরপর তারা আমার স্বামীর চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।’ তিনি বলেন, স্বামীকে ধরে নিয়ে যাওয়ার পর তিনি মাওলানা মান্নানের কাছে গিয়ে তাঁকে ছাড়িয়ে আনার জন্য অনেক অনুরোধ করেন। মাওলানা মান্নান তাঁকে জানান, আলবদর হাইকমান্ডের নির্দেশে তাঁর স্বামীকে নিয়ে যাওয়া হচ্ছে, ডা. ফজলে রাব্বীকেও নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের নেওয়া হচ্ছে চিকিৎসা করানোর জন্য। কাজ শেষ হলে ফিরিয়ে দেওয়া হবে।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, ১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমি থেকে আরও অনেক বুদ্ধিজীবীর লাশের পাশ থেকে তাঁর স্বামীর লাশ উদ্ধার করে আনা হয়। তাঁর হাত পিছমোড়া করে ও চোখ বাঁধা ছিল, সারা শরীরে অসংখ্য বেয়নেটের আঘাত, গুলিতে বুক ঝাঁঝরা হয়ে গিয়েছিল। এ সময় সাক্ষী কান্নায় ভেঙে পড়েন।জবানবন্দির শেষ পর্যায়ে শ্যামলী নাসরিন বলেন, ‘আমি ৪২ বছর ধরে এই বিচারের জন্য অপেক্ষা করছি। আমি মৃত্যুর পূর্বে আমার নিরপরাধ স্বামীসহ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের জন্য দায়ী আলবদর বাহিনীর সদস্য এবং এর হাইকমান্ডের সব সদস্যের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেখে যেতে চাই।’এরপর আসামির কাঠগড়ায় থাকা নিজামীকে শনাক্ত করেন শ্যামলী নাসরিন। পরে সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।