নিজামীর পর নুরুল আমিনকে গ্রেপ্তারের সিদ্ধান্ত
চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. নুরুল আমিনকে গ্রেপ্তারের জন্য ঢাকায় সিআইডি সদর দপ্তরে পরোয়ানা পাঠিয়েছেন তদন্ত কর্মকর্তা। বিষয়টি গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতকে জানিয়েছে সিআইডি।২০০৪ সালে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিতে অস্ত্র ধরা পড়ার সময় নুরুল আমিন শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ছিলেন। এমনকি অস্ত্র খালাসের রাতে তিনি সিইউএফএলের রেস্টহাউসে অবস্থান করছিলেন।মামলাটির তদন্তকারী সংস্থা সিআইডির চট্টগ্রাম কার্যালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিবসহ একাধিক কর্মকর্তা আদালতে জবানবন্দি দিয়ে নুরুল আমিন ও তৎকালীন শিল্পমন্ত্রী মতিউর রহমানের সন্দেহজনক তৎপরতার কথা বলেছেন। এরপর তদন্তে এই দুজনের ব্যাপারে আরও তথ্য-উপাত্ত পাওয়াতে তাঁদের গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় সিআইডি। এর মধ্যে মতিউর রহমান নিজামী আগে থেকে গ্রেপ্তার রয়েছেন। তাই আদালতের মাধ্যমে তাঁকে ৪ মে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁকে ৭ মে ঢাকায় কারা ফটকে সিআইডি জিজ্ঞাসাবাদও করে। এর আগে ৩ মে নুরুল আমিনকে গ্রেপ্তারের জন্য ঢাকায় পরোয়ানা পাঠানো হয়।আদালত সূত্র জানায়, ১০ ট্রাক অস্ত্র আটক মামলার অধিকতর তদন্তের সময়সীমা আরও ৬০ দিন বাড়ানোর জন্য গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম সিআইডির সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী। এই আবেদনের সঙ্গে তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদন দাখিল করা হয়। তাতে বলা হয়, ‘অধিকতর তদন্ত চলাকালীন এই মামলায় শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. নুরুল আমিনের জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই তাঁকে গ্রেপ্তারের জন্য ৩ মে ঢাকায় সিআইডির কাছে পরোয়ানা পাঠানো হয়। এ ছাড়া তাঁর ব্যাপারে বিভিন্ন তথ্য জানতে চেয়ে তাঁর নিজ জেলা সিরাজগঞ্জের পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ফ্যাক্স ও বেতার বার্তা পাঠানো হয়েছে।তবে গতকাল পর্যন্ত নুরুল আমিন গ্রেপ্তার হননি। জানতে চাইলে ঢাকায় সিআইডির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, তাঁরা গ্রেপ্তারের জন্য নুরুল আমিনের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছেন।এই মামলায় এর আগে সাবেক শিল্পসচিব শোয়েব আহমদ ও বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইমামুজ্জামান সাক্ষী হিসেবে চট্টগ্রামের আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি পড়ে দেখা যায়, শোয়েব আহমদ বলেছেন, ঘটনার রাতে শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নুরুল আমিন সিইউএফএলের রেস্ট হাউসে ছিলেন। তাঁর এই অবস্থান সম্পর্কে শোয়েব আহমদ কিছু জানেন না। তিনি বলেন, ‘অস্ত্র আটকের পর প্রথম কর্মদিবসে মন্ত্রী মহোদয় (নিজামী) আমাকে বলেন, “আপনি তো সরকারি কাজে বেশ কিছুদিন বিদেশে ছিলেন, এ সময় অতিরিক্ত সচিব নুরুল আমিন সাহেবই তো সচিবের দায়িত্ব পালন করেন। সেভাবেই হয়তো তিনি এ ভ্রমণে গিয়ে থাকবেন।” “আমি তখন বললাম, আজ রোববার তিনি এখনো ফিরেননি। সিইউএফএলের এত বড় ঘটনা সম্পর্কে তিনি ঘটনাস্থলে অবস্থান করা সত্ত্বেও কিছুই জানাননি।...এত বড় একটা ঘটনার সময় তাঁর সেখানে অবস্থান এবং কিছু না জানানো আমি যথার্থ মনে করি না।” শিল্পমন্ত্রী আমাকে বলেন, “আপনি নিশ্চিন্ত থাকেন। সরকার এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে। এরপর আমি আমার কক্ষে চলে যাই।’উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে আদালতে দেওয়া সিআইডির একাধিক প্রতিবেদনে বলা হয়েছে। বিগত বিএনপি-জামায়াতের জোট সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি। বিগত তত্ত্বাবধায়ক ও বর্তমান মহাজোট সরকারের আমলে অধিকতর তদন্ত শুরু হয়। পরে এই মামলায় দুটি গোয়েন্দা সংস্থার কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার হন।