মানবতাবিরোধী অপরাধের বিচার: জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী জামাল
নিজামীর পরামর্শে ও নির্দেশে বিভিন্ন স্থানে অপরাধ হয়েছে
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে পাবনার সাঁথিয়াসহ বিভিন্ন স্থানে যেসব অপরাধ হয়েছে, তা নিজামীর পরামর্শে ও নির্দেশে হয়েছে। মুক্তিযুদ্ধকালে আটক রাজাকারদের কাছে তিনি এ তথ্য জেনেছেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জামাল উদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। নিজামী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জবানবন্দিতে জামাল উদ্দিন (৬০) বলেন, তাঁর গ্রামের বাড়ি সাঁথিয়া থানার ডহরজানি গ্রামে। তিনি সাঁথিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার। মুক্তিযুদ্ধকালে তিনি পাবনার ফরিদপুর, বেড়া, ভাঙ্গুড়া, সাঁথিয়া ও শাহজাদপুরে যুদ্ধ করেছেন। একাত্তরের আগস্টে কইজুড়ি সেতু অভিযানে তিনি কয়েকজন রাজাকারকে অস্ত্রসহ আটক করেন। পরে সাঁথিয়ার ভিটামাটি সেতু অভিযানে পাঁচজন রাজাকার ও সোলাপাড়িয়া বাকচাঁদপুর সেতু অভিযানে চারজন রাজাকারকে ধরেন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ২০০০ সালের ডিসেম্বরে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের নেতৃত্বে ও স্থানীয় প্রশাসনের সহায়তায় করমজা গ্রামে মেগা ঠাকুরের বাড়ির পাশে একটি গর্ত থেকে মানুষের কয়েকটি খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়। সেখানে উপস্থিত লোকজন জানান, একাত্তরের মে মাসে ফজরের নামাজের পর পাকিস্তানি সেনা ও স্থানীয় রাজাকাররা মতিউর রহমান নিজামীর নেতৃত্বে মেগা ঠাকুরের বাড়ি ঘেরাও করে নয়জনকে হত্যা করে। সেখানে দুজন নারীকে ধর্ষণ করা হয়েছিল।জামাল উদ্দিন বলেন, একাত্তরের ১২ নভেম্বর হাড়িয়া গ্রামে নিজামীর নেতৃত্বে রাজাকার, আলবদর ও পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধা জহুরুল হককে ধরতে যায়। তাঁকে না পেয়ে গ্রামটির কয়েকটি হিন্দু বাড়ি জ্বালিয়ে দেয় ও দুজন হিন্দু নারীকে ধর্ষণ করে। তৎকালীন ইসলামী ছাত্রসংঘের নেতা নিজামী মে মাসের প্রথম দিকে স্থানীয় রাজাকার ও আলবদর বাহিনী গঠনের জন্য রূপসী, বাউশগাড়ি ও ডেমড়া গ্রামের জামায়াত-শিবিরের কর্মীদের নিয়ে রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা করেন। এ ঘটনা তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল হক ও শামসুর রহমানের কাছে জেনেছেন। এরই ধারাবাহিকতায় একাত্তরের ১৪ মে ভোরবেলা নিজামীর নেতৃত্বে পাকিস্তানি সেনা, রাজাকার ও আলবদররা রূপসী, ডেমড়া ও বাউশগাড়ি গ্রাম ঘেরাও করে গুলি করে নিরস্ত্র ৪৫০ জনকে হত্যা করে। এ ছাড়া বাজারসহ প্রায় ২০০-৩০০ বাড়িঘর জ্বালিয়ে দেয় ও লুটপাট করে। অনেক মুসলমান-হিন্দু নারীকে ধর্ষণ করা হয়।রাষ্ট্রপক্ষের সাক্ষী আরও বলেন, একাত্তরের ২৭ নভেম্বর ধুলাউড়ি গ্রামের আশপাশে মুক্তিযোদ্ধারা তিন-চারটি দলে অবস্থান করছিলেন। তিনি জানতে পারেন, মুক্তিযোদ্ধাদের অবস্থানের খবর পেয়ে রাত আড়াইটা-তিনটার দিকে নিজামীর নেতৃত্বে পাকিস্তানি সেনা, রাজাকার, আলবদররা তাঁদের ঘিরে ফেলে এবং গুলি করে নয়জন মুক্তিযোদ্ধা এবং ১৪ জন নিরস্ত্র মানুষকে হত্যা করে। ওই মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন বেঁচে আছেন। তাঁর নাম শাহজাহান আলী, তিনি ‘গলা কাটা শাহজাহান’ নামে পরিচিত। শাহজাহানের কাছে জানা যায়, নিজামীর উপস্থিতিতে ও নির্দেশে ইছামতী নদীর পাড়ে নিয়ে ছাত্তার রাজাকার তাঁকে জবাইয়ের চেষ্টা করে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে যান। ওই দিনই ধুলাউড়ি গ্রামের মুক্তিযোদ্ধা ক্যাম্প থেকে পাকিস্তানি সেনা, রাজাকার ও আলবদররা পাবনা অ্যাডওয়ার্ড কলেজের ছাত্র সামাদকে গ্রেনেডসহ আটক করে সাঁথিয়া থানায় নিয়ে যায় এবং থানার পাশে বেলগাছে ঝুলিয়ে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। কমান্ডার নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন ও রমিছ উদ্দিনের কাছে তিনি এ কথা জেনেছেন। মুক্তিযুদ্ধের সময় আটক রাজাকার, আলবদরদের কাছে তিনি জেনেছেন, সাঁথিয়াসহ নানা জায়গায় যেসব অপরাধ হয়েছে, তা নিজামীর পরামর্শে ও নির্দেশে হয়েছে।জবানবন্দি শেষে জামাল উদ্দিনকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।