নিজামীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় রাজধানীর পল্লবী এলাকায় গণহত্যার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোয়াজ্জেম হোসেন গতকাল শনিবার এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে উত্তরা থানার একটি মামলায় নিজামীকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন অপর একটি আদালত।সিআইডি গতকাল নিজামীকে আদালতে হাজির করে পল্লবীর গণহত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। গত ৩০ জুন তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, নিজামী ও তাঁর সহযোগীরা মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর ও আল-শামস বাহিনী গঠন করে পাকিস্তানি বাহিনীকে সাহায্য-সহযোগিতা করেন এবং গণহত্যা চালান। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। নিজামীর পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে রমনা থানায় করা মামলায় চার দিনের রিমান্ড শেষে নিজামীকে এরপর মহানগর হাকিম শামীমা পারভীনের আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। হিযবুত তাহ্রীরের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে উত্তরা থানায় করা মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার অনুমতি চায় ডিবি পুলিশ। তাঁর জামিনের আবেদন নাকচ করে আদালত তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। ৩০ জুন এ মামলায় নিজামী, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। মুজাহিদ ও সাঈদীকে ইতিমধ্যে এ মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।এদিকে জামায়াতের অন্য দুই নেতা কামারুজ্জামানের ছেলে হাসান ইমাম, কাদের মোল্লার ছেলে হাসান জামিলসহ সাতজনকে দুই দিনের রিমান্ড শেষে গতকাল শামীমা পারভীনের আদালতে হাজির করে কোতোয়ালি থানার পুলিশ। তাঁদের আইনজীবী আবদুর রাজ্জাক জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।