দশ ট্রাক অস্ত্র আটক মামলায় মতিউর রহমান নিজামীকে আসামি করে যে বিচারকাজ শুরু হয়েছে তা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।আজ সোমবার দুপুরে রাজধানীর বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ দাবি করেন।গত ২৬ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ নিজামীকে আসামি করে এ মামলার সম্পূরক অভিযোগপত্র জমা দেয়। ওই অভিযোগপত্রের ভিত্তিতে আজ ১ আগস্ট চট্টগ্রামে এ মামলার শুনানি শুরু হয়েছে।এ বিচারকাজের প্রতিবাদে জামায়াত এ সংবাদ ব্রিফিং করে।আজহারুল ইসলাম এ ষড়যন্ত্রমূলক বিচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সব মামলা থেকে নিজামীকে অব্যাহতি দিয়ে মুক্তি দাবি করেন। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি আরও বলেন, চট্টগ্রামে ইউরিয়া সার কারখানার জেটিতে অস্ত্রের চালান ধরা পড়ার ঘটনায় তত্কালীন শিল্পমন্ত্রীকে দায়ী করা সম্পূর্ণ অযৌক্তিক। ২০০৪ সালের ১ এপ্রিল এ চালান ধরা পড়ার ঘটনায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ বৈঠক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। কেন্দ্রীয় পরিষদ আশা করেছিল, সরকার এ ঘটনায় মূল নায়কদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আছে কি না, তা নিয়ে জনগণের মনে প্রশ্ন আছে।আজকের ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, নির্বাহী পরিষদ সদস্য এ টি এম মাসুম, রফিকুল ইসলাম খান, দলের সাংসদ হামিদুর রহমান আযাদ প্রমুখ।