নিজামীর বিরুদ্ধে অভিযোগের শুনানি ৫ মার্চ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানির জন্য ৫ মার্চ দিন ধার্য করা হয়েছে।আজ সোমবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।এ ছাড়া ট্রাইব্যুনাল আসামি পক্ষের কাছে সরবরাহ করা মামলার নথিপত্রের ৪১৬টি পৃষ্ঠা পাঠের অযোগ্য থাকায় সেগুলো ২২ ফেব্রুয়ারির মধ্যে সরবরাহ করতে বলেছেন।একই অপরাধের মামলায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশের দিন ধার্য থাকলেও এ ব্যাপারে কোনো আদেশ দেননি ট্রাইব্যুনাল। সাকা চৌধুরীর আইনজীবী আহসানুল হক আট সপ্তাহের জন্য মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানান। এ আবেদনের শুনানির পর আদেশ দেওয়া হবে বলে ট্রাইব্যুনাল জানান। আগামী ২২ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। এ ছাড়া আজ জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ২৫ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন মোহাম্মদ মোবারক হোসেন। তিনি বাংলা একাডেমীর ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক।