নিজামীর বিরুদ্ধে তৃতীয় সাক্ষীকে জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী রোস্তম আলী মোল্লাকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে। ১৫ এপ্রিল চতুর্থ সাক্ষীর সাক্ষ্য নেওয়ার জন্য দিন ধার্য করা হয়।আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং কলেজের নিরাপত্তারক্ষী রোস্তম আলী মোল্লা গত ১৯ মার্চ নিজামীর বিরুদ্ধে জবানবন্দি দেন। আজ তাঁকে শেষ দিনের মতো জেরা করেন নিজামীর আইনজীবী মিজানুল ইসলাম। জেরায় আসামিপক্ষের প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ‘২৫ মার্চ রাতের গণহত্যার পর ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর ট্রেনিং সেন্টার ও নির্যাতন ক্যাম্প গড়ে ওঠে। ক্যাম্পটি আমাদের বাসা থেকে ১০০-১৫০ গজ দূরে ছিল।’সাক্ষী রোস্তম মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী। বাবার চাকরিসূত্রে তিনি একাত্তরে ওই কলেজ ক্যাম্পাসে পরিবারের সঙ্গে থাকতেন। গত বছরের ২৮ মে মুক্তিযুদ্ধকালে হত্যা, লুট, ধর্ষণ, উসকানি; সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যাসহ মোট ১৬টি ঘটনায় নিজামীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আনা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়। পরে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে একই বছরের ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়।