ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে ঢাকা ও লালমনিরহাটে পৃথক দুটি মামলা করা হয়েছে।১৭ মার্চ ছাত্রশিবিরের এক আলোচনা সভায় রফিকুল ইসলাম খান মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির নিজামীর তুলনা করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।লালমনিরহাটের মুখ্য বিচারিক হাকিম আবু মনসুর মো. জিয়াউল হক সেখানকার মামলাটি গ্রহণ করে আগামী ২৫ মে মতিউর রহমান নিজামীসহ চার আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এ মামলার আসামিরা হলেন জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকা মহানগর শাখার আমির রফিকুল ইসলাম ও পল্টন থানা শাখার আমির শফিকুল ইসলাম।ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করা হয়েছে মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে। মামলাটি গ্রহণ করা হবে কি না, এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৩ মার্চ দিন ধার্য করা হয়েছে। মামলাটি দায়ের করেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরী। মামলার অন্য আসামিরা হলেন জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান ও ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি আ স ম ইয়াহিয়া।ঢাকার মামলার আরজিতে বলা হয়, ‘মহানবী (সা.)-এর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এখন নিজামীর বিরুদ্ধেও হচ্ছে’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। এতে আসামিদের ‘যুদ্ধাপরাধী এবং ধর্ম ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করা হয়। লালমনিরহাটের আদালতেও আসামিদের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়। এ মামলার বাদী মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘ধর্ম ব্যবসায়ী ও ধর্মের অপব্যাখ্যাকারী যুদ্ধাপরাধী জামায়াত নেতাদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসলিম হিসেবে বিবেকের তাড়নায় এই মামলা করেছি।’