নিজামীর বিরুদ্ধে ২৬ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ ২৬ আগস্ট ধার্য করা হয়েছে।আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই তারিখ ধার্য করেন।ট্রাইব্যুনাল-১-এ আজও সাঈদীর বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হেলালউদ্দিনকে জেরা করেছে আসামিপক্ষ। তাঁকে আজ ৪৩তম দিনের মতো জেরা করা হয়।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুম বলেন, ৮ আগস্টের মধ্যে সাঈদীর মামলার আইওকে জেরা শেষ করতে ট্রাইব্যুনাল-১-এর আদেশ রয়েছে। সামনে ঈদসহ বিভিন্ন সরকারি বন্ধের কারণে নিজামীর মামলায় সাক্ষ্যগ্রহণের এ নতুন তারিখ ধার্য করে দেওয়া হয়।গত ১৬ জুলাই নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য উপস্থাপন করেছে। নিজামীর উপস্থিতিতে ৫১ পৃষ্ঠার সূচনা বক্তব্য উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু ও কৌঁসুলি আলতাফ উদ্দিন আহমেদ।গত ২৮ মে মানবতাবিরোধী অপরাধের ১৬টি ঘটনায় নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।গত ৯ জানুয়ারি নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়। বাসস।