মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রতি ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন, ‘জীবন-মৃত্যুর মালিক আল্লাহ্। তাঁর ফয়সালা ছাড়া কোনো মৃত্যু হবে না। আল্লাহর ফয়সালা থাকলে রাষ্ট্রের হাতে আমাদের মৃত্যু হবে, আমাদের পরোয়া নেই।’ ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের আগে বিডিআর হত্যাকাণ্ডের বিচার এবং ময়মনসিংহের আনন্দমোহন কলেজ ও রাজধানীর ইডেন কলেজে ছাত্রী নিগ্রহের বিচার করার দাবি জানান নিজামী। এ জন্য তিনি ‘লেট ট্রেনের’ উদাহরণও দিয়েছেন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে দেখেছি যে ট্রেনটি লেট থাকে, সেটি দাঁড়িয়েই থাকে। কারেন্ট (নতুন) ট্রেন আসলে সেটিকে আগে ছেড়ে দেওয়া হয়।’আজ শনিবার দুপুরে বড়মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত সমর্থক আইনজীবীদের ফোরাম ইসলামিক ল ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নিজামী এসব কথা বলেন। তিনি দাবি করেন, সরকার ইসলামি শক্তিকে নির্মূল করার জন্যই মানবতাবিরোধী অপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে এখন মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রসঙ্গ উঠত না।মানবতাবিরোধী বিচারের বিষয়টি উল্লেখ করে সরকারের উদ্দেশে নিজামী বলেন, ‘কিছু ব্যক্তি চলে গেলেই দেশ থেকে ইসলাম নির্মূল হবে—এটা ভেবে থাকলে ভুল করবেন। বাংলাদেশ থেকে দুনিয়ার কোনো শক্তি ইসলামকে নির্মূল করতে পারবে না।’নিজামী বলেন, ‘সরকার সার্বিক ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য সরকার ৩৯ বছর আগে স্বাধীনতার স্থপতি (বঙ্গবন্ধু) যে বিষয়টির সমাধান করেছেন, তাকে আবার পুনরুজ্জীবিত করতে চাচ্ছে। ইসলামি শক্তিকে নির্মূল করার জন্যই যুদ্ধাপরাধীদের বিচার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। তবে আইনমন্ত্রী হঠাত্ ঘুরে গেছেন। তিনি বলছেন, যুদ্ধাপরাধী নয়, মানবতাবিরোধী অপরাধীদের বিচার করা হবে। এর মধ্যে আইনের কী মারপ্যাঁচ আছে, কেন তারা এ পথে গেলেন, জাতির কাছে তা পরিষ্কার হওয়া দরকার।’যে আইনে মানবতাবিরোধীদের বিচার করা হবে, সেই আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩-এর বিরোধিতা করে নিজামী বলেন, ‘আমরা বুঝি সেটা একটি মারাত্মক কালো আইন। যুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনী ও সহযোগী বাহিনীর সবাইকে তদন্ত করে ১৯৫ জনকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু তাদের বিচার করা হয়নি। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ত্রি দেশীয় সমঝোতার মাধ্যমে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর আর যুদ্ধাপরাধী চিহ্নিত করা হয়নি। এখন বিচার করবেন কাকে।’