নিজামীর সভায় এসেছিল দুই শতাধিক শিবির ক্যাডার, হামলা পরিকল্পিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ৭ ফেব্রুয়ারির জনসভায় যোগ দেওয়ার সুবাদেই রাজশাহীতে এসেছিল শিবিরের দুই শতাধিক ক্যাডার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা ছিল পূর্বপরিকল্পিত। শিবিরের এসব ক্যাডারকে বিনোদপুর, মেহেরচণ্ডীসহ ক্যাম্পাসের আশপাশের এলাকায় জামায়াত-শিবিরের নিয়ন্ত্রিত ছাত্রাবাস ও বিভিন্ন বাড়িতে রাখা হয়েছিল।শিবিরের ২৮ জন ক্যাডার রিমান্ডে পুলিশকে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের কর্মকর্তারা প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। ১০ ফেব্রুয়ারি থেকে পাঁচ দিনের রিমান্ড শেষ হয় গত রোববার। গতকাল সোমবার পুলিশ ২৭ জনকে জেলহাজতে পাঠিয়েছে। হাসমত আলী নামের একজনকে আবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।গ্রেপ্তার ক্যাডাররা পুলিশকে জানিয়েছে, শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শামসুল আলম, সেক্রেটারি মোবারক হোসেন এবং ক্যাম্পাস-সংলগ্ন ২৬ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি হাফিজুর রহমানের নেতৃত্বে তিন ভাগে বিভক্ত হয়ে শিবিরের ছয় শতাধিক ক্যাডার বিশ্ববিদ্যালয়ে হামলায় অংশ নেয়। শামসুল আলমের নেতৃত্বে মেহেরচণ্ডী, মোবারক হোসেনের নেতৃত্বে বিনোদপুর ও হাফিজুর রহমানের নেতৃত্বে বুধপাড়া গেট দিয়ে রাত পৌনে দুইটার দিকে ক্যাম্পাসে প্রবেশ করে তারা। আর শিবিরের নেতা নোমানী হত্যার বদলা ও ক্যাম্পাসে আধিপত্য ফিরিয়ে আনতে এ হামলার পরিকল্পনা করে সারা দেশ থেকে নিয়ে আসা হয় দুই শতাধিক ক্যাডারকে।রিমান্ডে তারা পুলিশকে আরও জানায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী আগেই নির্ধারণ করা ছিল, কার নেতৃত্বে কোন দল কোন হলে হামলা চালাবে। সে অনুযায়ী তারা একই সময়ে নিজ নিজ দল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। ২৬ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি হাফিজুর রহমানের নেতৃত্বে ক্যাম্পাসের বুধপাড়া গেট দিয়ে প্রবেশ করা দলটি শাহ মখদুম, সৈয়দ আমীর আলী ও নবাব আবদুল লতিফ হলে হামলা চালায়। এদের একটি অংশ শাহ মখদুম হলের ১৩১ নম্বর কক্ষ থেকে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনকে তুলে নিয়ে গিয়ে টিভি রুমে হত্যা করে। পরে তাঁর লাশ পার্শ্ববর্তী আমীর আলী হলের পেছনের সেপটিক ট্যাংকে ফেলে দেয়। হাফিজুর রহমান পরে পলাতক অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।শিবিরের ক্যাডাররা জানিয়েছে, বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি শামসুল আলমের নেতৃত্বে মেহেরচণ্ডী দিয়ে ক্যাম্পাসে ঢোকার পথে পুলিশের মুখোমুখি হয়। এ সময় পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে শিবিরের বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মোবারক হোসেনের নেতৃত্বে বিনোদপুর গেট দিয়ে প্রবেশ করা দলটিও সেখানে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পুরো ক্যাম্পাস তখন শিবিরের দখলে চলে যায়। এরপর তারা নির্বিঘ্নে একের পর এক হলে হামলা চালাতে থাকে।মহানগর পুলিশের উপকমিশনার সরদার নুরুল আমীন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নৃশংস ঘটনার সঙ্গে সরাসরি জড়িত পলাতক ৫৪ জনের নাম-ঠিকানা পেয়েছে পুলিশ। এর ভিত্তিতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের জন্য রোববার রাতে তালিকা সারা দেশের পুলিশ সুপারসহ সব ইউনিটে ফ্যাক্স করে পাঠানো হয়েছে।