নিজামীর স্বাধীনতার চেতনা!
‘আপনাদের রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাই না। তবে খোদা না করুক, যদি স্বাধীনতার ওপর আঘাত আসে, নাগরিক হিসেবে চুপ করে থাকা যাবে না। যার যার অবস্থান থেকে যেকোনো ভূমিকা পালন করতে হবে।’জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেছেন দলটির আমির মতিউর রহমান নিজামী। ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের চক্রান্ত ও সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত চুক্তির বিরুদ্ধে যে যার অবস্থান থেকে ভূমিকা পালন করার আহ্বানও তিনি জানান।আইনমন্ত্রীর একটি সাম্প্রতিক বক্তব্যের কথা উল্লেখ করে নিজামী বলেন, ‘কেউ যদি বলে ইসলাম মসজিদে থাকবে; রাজনীতি, অর্থনীতি ও সমাজে তা আনা যাবে না, আমরা কি তা মানতে বাধ্য? কেউ কি এমন নির্দেশ দিতে পারে? যদি কেউ নির্দেশ দেয়ও, তা কলেমায় বিশ্বাসীদের পক্ষে মানা সম্ভব নয়।’উল্লেখ্য, আইনমন্ত্রী সম্প্রতি বলেছেন আদালত পঞ্চম সংশোধনী বাতিল করলে রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করা যাবে না। ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিকে ‘নিঃস্বার্থ আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে জামায়াতের আমির বলেন, রাজনীতির বাইরে যাঁদের অবস্থান, তাঁরাও বলেছেন চুক্তি দেশের স্বার্থের বিরুদ্ধে গেছে। তাঁরা দেশের নিরাপত্তার জন্য হুমকির আশঙ্কাও প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ভারত আমাদের বড় প্রতিবেশী দেশ। প্রতিবেশীদের সঙ্গে আমরা বৈরিতা চাই না। তাদের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে আমরা সুসম্পর্ক চাই। তাই বলে নিঃস্বার্থ আত্মসমর্পণ কাম্য হতে পারে না।’সভায় জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী বলেন, ‘বর্তমান সরকার গণেশের মতো। তাদের দেহটা আওয়ামী লীগের, মাথাটা বামপন্থীদের।’ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির মকবুল আহমদ, নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে মুজিবুর রহমানকে সভাপতি ও হারুনুর রশীদকে সেক্রেটারি করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।