নিজামীর ‘বাস মিস হয়ে গেছে’!
—‘প্রশ্নটা শুনলাম’, বলে একটু হাসলেন তিনি। —উত্তর দেবেন না?—‘বাস মিস হয়ে গেছে’—বলেই সংবাদ সম্মেলন শেষ করে দিলেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।প্রশ্ন ছিল, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সমস্যার সমাধানে আপনারা কী করেছিলেন? আর জামায়াত নানা সময়ে বলেছে, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি হলে বাংলাদেশের এক-দশমাংশ এলাকা ভারত হয়ে যাবে। কিন্তু গত এক দশকে তা হয়নি। এখন কবে নাগাদ ওই এলাকা ভারত হবে বলে আপনারা মনে করছেন?প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও চুক্তির প্রতিক্রিয়া জানাতে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন ডাকে জামায়াত।সংবাদ সম্মেলনে জামায়াতের আমির একেকবার একেক ধরনের কথা বলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সংক্ষিপ্ত ভাবে তিনটি চুক্তির শিরোনাম উল্লেখ করা হয়েছে যুক্ত ইশতেহারে। কিন্তু ওই সব চুক্তিতে কী আছে, অদ্যাবধি দেশবাসী তা জানেন না।’একটু পরই নিজামী বলেন, তিনটি চুক্তিই ভারতের প্রয়োজনে এবং ভারতের নিরাপত্তার স্বার্থে স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, সম্পাদিত তিনটি চুক্তি, দুটি সমঝোতা স্মারক এবং যৌথ ইশতেহার পুরোপুরি ভারতের কূটনৈতিক সাফল্যের প্রমাণ বহন করে।এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকেরা প্রশ্ন করেন, চুক্তিতে কী আছে, সেটা জানেন না, তাহলে কীভাবে বুঝলেন, এই চুক্তি ভারতের স্বার্থে করা হয়েছে?জবাবে নিজামী বলেন, ‘আমি জানি না, এটা ঠিক। আবার যা বলেছি সেটাও ঠিক।’ তিনি আরও বলেন, ‘চুক্তির ডিটেইল (বিস্তারিত) পত্রপত্রিকায় আসেনি। আমি যা বলেছি, তা আপনাদেরই কোনো না কোনো সহকর্মীর লেখায় এসেছে। আপনিই বলুন, চুক্তির সব কী প্রকাশ হয়েছে? জানলে আপনারা লিখুন, আমি পড়ব এবং আমার মত প্রত্যাহার করব।’লিখিত বক্তব্যে জামায়াতের আমির বলেন, ভারত বাংলাদেশের বন্দর ব্যবহার করে তার সামরিক লক্ষ্য অর্জনে সচেষ্ট হবে, যা বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকির সৃষ্টি করবে। ভারতীয় পণ্য পরিবহনের দোহাই দিয়ে ভারতীয় সামরিক বাহিনী অতি সহজেই বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়বে এবং এতে বাংলাদেশের স্বাধীনতা ও নিরাপত্তা চরম হুমকির সম্মুখীন হবে।আবার এক প্রশ্নের জবাবে নিজামী বলেন, ‘পোর্ট (বন্দর) ব্যবহার করতে দেবেন, কতদূর দেবেন? তারা কী শুধু বাণিজ্যের জন্য ব্যবহার করবে? এসব বিষয়ে চুলচেরা বিশ্লেষণের প্রয়োজন আছে।’নিজামী দাবি করেন, ভারতকে বন্দর ব্যবহার করতে দেওয়ার আগে দেশের মানুষের মতামত নেওয়া উচিত ছিল।আওয়ামী লীগ বলেছে, তাদের নির্বাচনী ইশতেহারে বন্দরের আঞ্চলিক ব্যবহারের বিষয়ে কী করা হবে তা বলা আছে। ভোট পেয়ে সরকার গঠন করায় আওয়ামী লীগ মনে করছে জনগণ তাদের ওই ইশতেহার অনুমোদন করেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নিজামী বলেন, ‘নির্বাচন কী হয়েছে, তা তো আমরা জানি। মইন উ আহমেদ (সাবেক সেনাপ্রধান) তাদের ক্ষমতায় এনেছে।’লিখিত বক্তব্যে নিজামী বলেন, ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ আনার বদলে বাংলাদেশে যেসব বিদ্যুেকন্দ্র আছে সেগুলোর কর্মদক্ষতা বৃদ্ধি ও বন্ধ কেন্দ্রগুলো চালু এবং নতুন কেন্দ্র চালু করা হলে বাংলাদেশেই এর চেয়ে বেশি বিদ্যুত্ উত্পাদন করা সম্ভব।ক্ষমতায় থাকাকালে বিদ্যুত্ উত্পাদন বাড়ানোর কী উদ্যোগ আপনারা নিয়েছিলেন—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নিজামী বলেন, ‘আমরা শুরু করেছিলাম। যেগুলো আমরা করে এসেছিলাম, সেগুলো যদি ওনারা (সরকার) চালু করতে পারতেন তাহলেও হতো।’‘আপনারা কতগুলো বিদ্যুেকন্দ্র করে এসেছিলেন’—এই প্রশ্নের জবাবে নিজামী কিছু বলেননি। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ দাবি করেন, চারদলীয় জোট সরকারের আমলে দেশে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদিত হয়েছে।চট্টগ্রামে ছাত্রশিবিরের মেস থেকে অস্ত্র উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে নিজামী বলেন, ঘটনাটা আপনারা সবাই বড় করে ছেপেছেন। আন্দোলনকারী শক্তি যাতে আগাতে না পারে সে জন্য ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্র ঢুকিয়ে তাদের ফাঁসানো হয়েছে।আরেক প্রশ্নের জবাবে নিজামী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষকে দুঃখজনক বলে অভিহিত করেছেন।