জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় তিন নেতার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। তাঁরা হলেন দলটির আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান।ট্রাইব্যুনাল এসব অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য ১৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী সাংবাদিকদের বলেন, নিজামী, মুজাহিদ ও কামারুজ্জামানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণসহ এসব মানবতাবিরোধী অপরাধে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে এ নিয়ে জামায়াতের চার নেতা এবং বিএনপির এক নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলো। তাঁদের মধ্যে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়েছে। বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ ইতিমধ্যে আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে ১৮ ডিসেম্বর অভিযোগ দাখিলের দিন পুনর্নির্ধারণ করা হয়েছে।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এর আগেই নিজামী, সাঈদী, কামারুজ্জামান ও কাদের মোল্লাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং মুজাহিদকে নারায়ণগঞ্জ কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়।শুরুতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা নিজামী, মুজাহিদ ও কামারুজ্জামানের বিরুদ্ধে আলাদাভাবে তিনটি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন। কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ দাখিলের প্রস্তুতি শেষ হয়নি জানিয়ে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ এ জন্য ট্রাইব্যুনালের কাছে সময় চান।ট্রাইব্যুনাল নিজামী, মুজাহিদ ও কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য ১৮ ডিসেম্বর দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষকে ওই দিনই কাদের মোল্লার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলেরও নির্দেশ দেন ট্রাইব্যুনাল।মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গত ৩১ অক্টোবর নিজামীর বিরুদ্ধে ৪১১ পৃষ্ঠার, মুজাহিদের বিরুদ্ধে ৩৬৬ পৃষ্ঠার, কামারুজ্জামানের বিরুদ্ধে ৩২৭ পৃষ্ঠার এবং কাদের মোল্লার বিরুদ্ধে ৩৮৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয়। এগুলোর সঙ্গে সব মিলিয়ে প্রায় আট হাজার পৃষ্ঠার আনুষঙ্গিক তথ্য-প্রমাণ ও নথিপত্র জমা দেওয়া হয়।তদন্ত সংস্থার সূত্র জানায়, সাক্ষ্য-প্রমাণ ও দালিলিক নথিপত্রের ভিত্তিতে নিজামীর বিরুদ্ধে ২০টি, মুজাহিদের বিরুদ্ধে ১২টি এবং কামারুজ্জামানের বিরুদ্ধে আটটি অভিযোগ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিজামীর বিরুদ্ধে পাবনায় গণহত্যাসহ সারা দেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। পূর্ব পাকিস্তান আল-বদর বাহিনীর প্রধান মুজাহিদের বিরুদ্ধে বৃহত্তর ফরিদপুর ও ঢাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের কতগুলো আনুষ্ঠানিক অভিযোগে রাখা হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।সাকা চৌধুরীর বিরুদ্ধে ১৪ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল তা আমলে নেন। তদন্ত সংস্থার সূত্র জানায়, জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত সংস্থা ৩১ অক্টোবর রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের কাছে ৩৬০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন। তবে তাঁর বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়নি। প্রতিবেদনে গোলাম আযমের পরিকল্পনায় ও প্ররোচনায় ৫০টি মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একাত্তরের ২৫ মার্চ কালরাতে ‘অপারেশন সার্চলাইট’-এর মতো গণহত্যা এবং ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীলনকশার সঙ্গে তাঁর জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তদন্ত সংস্থা তাঁকে গ্রেপ্তারের সুপারিশও করেছে।দু-একজন প্রতিমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন, শিগগিরই বা বিজয় দিবসের আগে গোলাম আযমকে গ্রেপ্তার করা হতে পারে। তবে তাঁকে গ্রেপ্তারের বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা এখনো ট্রাইব্যুনালে আবেদন করেননি। এ বিষয়ে জানতে চাইলে কৌঁসুলিরা কোনো মন্তব্য করেননি।প্রথম সাক্ষীকে জেরা: সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা মো. মাহাবুবুল আলম হাওলাদারকে গতকাল জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। মাহাবুবুল ৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে জবানবন্দি দেন।জেরার শুরুতে মিজানুল ইসলাম জব্দ করা আলামত নিয়ে সাক্ষীকে প্রশ্ন করেন। এরপর তিনি সাঈদী কোথায় লেখাপড়া করেছেন, কত সালে কোন ক্লাসে সেখানে ভর্তি হন, কারা সহপাঠী ছিলেন ইত্যাদি জানতে চান। জবাবে মাহাবুবুল বলেন, তিনি শুনেছেন শর্শিনার মাদ্রাসায় আলিম ক্লাসে পড়ার সময় সাঈদী বহিষ্কৃত হন। সাঈদীর আইনজীবী বলেন, জনসম্মুখে সাঈদীকে হেয়প্রতিপন্ন করতে সাক্ষী এ কথা বলছেন। জবাবে সাক্ষী বলেন, এই অভিযোগ সত্য নয়।জেরার একপর্যায়ে মিজানুল ইসলাম একটি চিঠির বিষয়ে সাক্ষীকে প্রশ্ন করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী এতে আপত্তি জানিয়ে বলেন, ট্রাইব্যুনালে দাখিল না করে কোনো নথি সম্পর্কে সাক্ষীকে প্রশ্ন করা যাবে না। তখন আসামিপক্ষের দুজন আইনজীবী প্রথম সাক্ষী-সংক্রান্ত নথি জমা দিতে এক দিন সময় চান। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল গতকালের কার্যক্রম মুলতবি করেন। আজ সোমবার আবার মাহাবুবুলকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।সাঈদীর বিরুদ্ধে ১১ জুলাই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ৩ অক্টোবর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন এবং ৭ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সেদিন রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী মুক্তিযোদ্ধা রুহুল আমিনও জবানবন্দি দেন।ট্রাইব্যুনালের আহ্বান: গতকাল কার্যক্রমের শুরুতে জামায়াতের আটক নেতাদের আইনজীবী দলের প্রধান আবদুর রাজ্জাক অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের ১০ ডিসেম্বরের একটি প্রতিবেদনের ওপর ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করেন। ওই প্রতিবেদনে বলা হয়, আইনমন্ত্রী শফিক আহমেদ একটি অনুষ্ঠানে বলেছেন, একাত্তরে যারা ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, দুই লাখ মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, তাদেরকে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়েছে। আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালের কাছে জানতে চান, বিচার চলাকালে এ ধরনের মন্তব্য করা যায় কি না। ট্রাইব্যুনাল এ সময় সংশ্লিষ্ট সবাইকে এমন ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ জানান।