নিজামীসহ ১১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যার প্রায় আড়াই বছর পর গতকাল সোমবার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াত-শিবিরের ১১০ জন নেতা-কর্মীর নাম রয়েছে।মামলার পঞ্চম তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে এক হাজার ২৬৯ পৃষ্ঠার এ অভিযোগপত্র দাখিল করেন।একই সঙ্গে তিনি (ওসি জিল্লুর) ফারুক হত্যার সময় বিস্ফোরক দ্রব্য বহনের অভিযোগে করা অপর মামলারও অভিযোগপত্র দাখিল করেছেন। ওই মামলায় দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ফারুক হত্যা মামলার অভিযোগপত্রেও এই দুজনের নাম রয়েছে।আদালত-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ফারুক হত্যা মামলায় ১ নম্বর আসামি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের তৎকালীন সভাপতি শামসুল আলম। এ ছাড়া এই হত্যা মামলায় গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে রয়েছেন শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সেক্রেটারি মোবারক হোসেন, রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমান, সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি সিদ্দিক হুসাইন প্রমুখ।এ মামলায় নিজামী ও সাঈদীকে গত বছরের অক্টোবর মাসে ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেটে ও একই সময় মুজাহিদকে নারায়ণগঞ্জ জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন খান জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, এ মামলায় চারবার তদন্ত কর্মকর্তা বদল করা হয়েছে। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় মতিহার থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলামকে। তাঁকে বাদ দিয়ে এসআই আরিফুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। পরে তাঁকে বাদ দিয়ে দায়িত্ব দেওয়া হয় এসআই সোহেল রানাকে। এরপর ২০১০ সালের নভেম্বর মাসে মামলাটি গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।রাজশাহী মহানগর ডিবি পুলিশের পরিদর্শক তোফাজ্জল হোসেন খান মামলাটি তদন্ত করছিলেন। কিন্তু ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ৫ মার্চ তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়। তিনিই এ মামলার এমই (মেমো অব এভিডেন্স) প্রস্তুত করেছিলেন। বরখাস্ত করার আগে তাঁকে দিয়ে মামলার এমই লিখে নেওয়া হয়। ৫ মার্চ রাতে এ মামলার দায়িত্ব দেওয়া হয় রাজপাড়া থানার ওসি জিল্লুর রহমানকে।পুলিশ সূত্র আরও জানায়, বিভিন্ন সময় এ মামলার তদন্ত কর্মকর্তারা মোট ২৯ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছেন।প্রায় আড়াই বছর পর মামলার অভিযোগপত্র দেওয়ার ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এম ওবায়দুল্লাহ বলেন, এটি স্পর্শকাতর মামলা। এ মামলায় আসামি ছিলেন অনেক। ঘটনার সঙ্গে তাঁরা কে কীভাবে সম্পৃক্ত ছিলেন, তা অনুসন্ধান করে প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করতে সময় লেগেছে।জামায়াতের শীর্ষ তিন নেতা কীভাবে এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, এ ব্যাপারে জানতে চাইলে এম ওবায়দুল্লাহ বলেন, তাঁরা পরিকল্পনাকারী ও হুকুমদাতা হিসেবে মামলার আসামি হয়েছেন।২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ক্যাডাররা সশস্ত্র হামলা চালিয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনকে নৃশংসভাবে হত্যাসহ ছাত্রলীগের চার কর্মীর হাত ও পায়ের রগ কেটে দেয়। এ সময় ছাত্রলীগের আরও ৪০ নেতা-কর্মীকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ আরও ৪০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে নগরের মতিহার থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য বহনের অভিযোগসহ মোট ১৪টি মামলা করা হয়।