ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আগামী ২৯ জুন তাঁদের আদালতে হাজির হওয়ার জন্য আবারও সমন জারি করা হয়েছে। আজ বুধবার মামলার বাদী বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী আসামিদের গ্রেপ্তারের আবেদন জানালে আদালত এ আদেশ দেন।আদালত গত ৩০ মার্চ আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছিলেন। আজ আসামিদের আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তাঁরা উপস্থিত না হওয়ায় মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদারের আদালতে গ্রেপ্তারের আবেদন জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।মামলার অন্য আসামিরা হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান ও ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি আ স ম ইয়াহিয়া।প্রসঙ্গত, গত ১৭ মার্চ সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্রশিবিরের এক আলোচনা সভায় রফিকুল ইসলাম খান মহানবী (সা.)-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির নিজামীকে তুলনা করেন, যা ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে। এই অভিযোগে ২১ মার্চ মামলা করা হয়।