নিজামুল হককে বিচারকাজ থেকে বিরত রাখার আবেদনের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হককে বিচারকাজ থেকে বিরত রাখার আবেদনের শুনানি শুরু হয়েছে তাঁর অনুপস্থিতিতেই।আজ রোববার শুনানির শুরুতে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের গ্রেপ্তারকৃত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে বিচারকাজ থেকে বিরত রাখার জন্য যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন, নিজামুল হক ১৯৭১ সালের ঘাতক-দালাল নির্মূল কমিটির গণতদন্ত কমিশনের একজন সদস্য ছিলেন। এ জন্য তিনি নিরপেক্ষভাবে বিচারকাজ পরিচালনার অযোগ্য।এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ট্রাইব্যুনালে একই যুক্তিতে বক্তব্য উপস্থাপন করেন। মধ্যাহ্নভোজের বিরতির আগে বক্তব্য রাখতে শুরু করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হককে বিচারকাজ থেকে বিরত রাখার বিষয়ে আবেদন করেন সাঈদীর আইনজীবী আবদুর রাজ্জাক। এর আগে সকালে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয়।