নিজামুল হকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি নিজামুল হকের বিচারিক কার্যক্রম অব্যাহত রাখার কারণ জানিয়ে আজ এক আদেশ দিয়েছেন তিন সদস্যের ট্রাইব্যুনাল। আদেশে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের কোনো সুনির্দিষ্ট বা ধারণাগত বা অন্য কোনো ধরনের অভিযোগ আনা যায়নি। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ওই ট্রাইব্যুনাল এ আদেশ দেন। সোয়া এক ঘণ্টা ধরে দেওয়া ট্রাইব্যুনালের আদেশের শুরুতেই বলা হয়, বাংলাদেশের আইনি প্রক্রিয়ার ইতিহাসে এ ধরনের আবেদন নজিরবিহীন, যেখানে একজন বিচারপতিকে তাঁর পদে থাকার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বিষয়টি আদালতের জন্য অবমাননাকর। এরপর আদেশে ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে বিচারকাজ থেকে বিরত থাকার বিষয়ে করা আবেদনের বিভিন্ন অভিযোগের বিষয়ে ব্যাখ্যা তুলে ধরা হয়। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে বলা হয়, ১৯৯৫ সালে গণ-তদন্ত কমিশন যে প্রতিবেদন প্রকাশ করেছিল সেটি কোনো গোপনীয় বিষয় নয়। আদেশে আরও বলা হয়, ওই প্রতিবেদনের নিচে স্বাক্ষরের স্থানে শুধু ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নামটিই আছে। কিন্তু প্রতিবেদন তৈরি, বিশ্লেষণ, সম্পাদনা, মন্তব্য প্রদান কিংবা কোনো ধরনের দায়িত্ব পালনের ক্ষেত্রে চেয়ারম্যানের সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ নেই। এ জন্য ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা অযৌক্তিক।