নিজে গান করতেই বেশি পছন্দ করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চয়ন মল্লিক কানাডায় থাকেন। গান করছেন অনেক দিন, রবীন্দ্রসংগীত। তাঁর অ্যালবাম বের হচ্ছে। নাম হূদয় বীণায় গাহি। প্রকাশ করছে বেঙ্গল ফাউন্ডেশন। আজ সন্ধ্যা সাতটায় বেঙ্গল শিল্পালয়ে আয়োজন করা হয়েছে অ্যালবামটির প্রকাশনা ও শিল্পীর একক গানের অনুষ্ঠান। কথা হলো চয়ন মল্লিকের সঙ্গে। গানটা কবে থেকে করছেন?সেই সাত বছর বয়স থেকে। শুরুটা হয়েছিল বাসায়, নিলোৎপল সাধ্যের কাছে। আমার বাবা মল্লিক সুধীর চন্দ্র গানের বড় ভক্ত। আমাদের বাসায় নিয়মিত আসতেন ওয়াহিদ কাকু (ওয়াহিদুল হক), মিতা আপা (মিতা হক)। পরে ওয়াহিদ কাকু ও মিতা আপার কাছে অনেক দিন শিখেছি। মিনু মাসির (সন্জীদা খাতুন) কাছেও বাসায় গিয়ে শিখতাম। ছায়ানট থেকে সার্টিফিকেট কোর্স পাস করেছি বাংলা ১৪০০ সালে। আমি প্রথম হয়েছিলাম।দেশের বাইরে গেলেন কবে?আমার স্বামী আবদুস সাত্তারও ছায়ানটের শিক্ষার্থী ছিলেন। তিনি আইন বিষয়ে উচ্চতর পড়াশোনা করার জন্য যুক্তরাজ্যে যান। সঙ্গে আমিও যাই। আর কানাডায় গিয়েছি গত বছর। সেখানে গানের চর্চাটা কেমন হচ্ছে?কানাডায় গত এক বছর কোনো চাকরি করিনি। তাই গানের চর্চাটা খুব ভালো হয়েছে। ওখানে ছায়ানট অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে। এই সংগঠনের হয়ে বিভিন্ন অনুষ্ঠান করি। আর আমি নিজে গান করতেই বেশি পছন্দ করি। তবে শেখানোর কোনো পরিকল্পনা নেই। এবার আপনার প্রথম অ্যালবামের কথা বলুন।যেহেতু প্রথম অ্যালবাম, তাই এটা নিয়ে আমার পরিকল্পনার কোনো শেষ ছিল না। কলকাতায় গিয়ে গত মে মাসে পুরো অ্যালবামের কাজ করেছি। সংগীত পরিচালনা করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। তখন যথেষ্ট মানসিক চাপ অনুভব করছিলাম। কিন্তু দূর্বাদলদা যে কেমন করে চার দিনে সবগুলো গান রেকর্ড করিয়ে নিলেন, বুঝতেই পারিনি। সব কটি গানই একসময়ের খুব শোনা, আর আমার খুব পছন্দের। আজকের অনুষ্ঠানে এই অ্যালবামের পাশাপাশি নিজের কিছু পছন্দের গান করব।