নিজে বাঁচার চিন্তা করো: পাকিস্তানের প্রতি কৃষ্ণা
কাশ্মীর ভুলে যাও, নিজে বাঁচার চিন্তা করো—কাশ্মীর প্রশ্নে এভাবেই পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে ভারত। পাকিস্তান কাশ্মীর ইস্যুটি জাতিসংঘে তুলে ধরায় আজ বুধবার এ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা।ক্রমশ অনিশ্চয়তার দিকে যাচ্ছে পাকিস্তান সরকারের ভবিষ্যত্। দেশের ইতিহাসে ভয়াবহতম বন্যার পর পরিস্থিতি সামলাতে সরকারের ব্যর্থতায় জনগণের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। এর ওপর দেশটির সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিচার প্রক্রিয়া শুরু করার পদক্ষেপ নেওয়ায় গণমাধ্যমে গুঞ্জন উঠেছে, পাকিস্তানে নেতৃত্বের পরিবর্তন আসছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, দেশের বিশৃঙ্খল পরিস্থিতি থেকে মানুষের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেওয়ার কূটচাল হিসেবেই কাশ্মীর ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করছে পাকিস্তান।এর আগে ভারতীয় কাশ্মীরে চলমান সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি নিউইয়র্কে বলেন, ‘বিশ্ব সম্প্রদায়ের ভারতকে কাশ্মীরে দমন-পীড়ন বন্ধ করতে বলা উচিত।’ প্রতিক্রিয়ায় কৃষ্ণা বলেছেন, ‘এ ধরনের বক্তব্য একেবারেই অগ্রহণযোগ্য। পাকিস্তান বহুমুখী সমস্যায় জর্জরিত, এসব বলে দেশের জনগণসহ গোটা অঞ্চলের মানুষের দৃষ্টি অন্যত্র সরিয়ে নেওয়া যাবে না।’—টাইমস অব ইন্ডিয়া