নিজেই নিজের বস (ভিডিও)
ইউরোপে দিনে দিনে বাড়ছে বেকার মানুষের সংখ্যা। আর তাই চাকরির পেছনে না ছুটে নিজস্ব উদ্যোগে কোনো কিছু গড়ে তোলার জন্য সবাইকে উত্সাহিত করছে যুক্তরাজ্যের সরকার। আর এ ক্ষেত্রে বড় উদাহরণ হতে পারে যুক্তরাজ্যের নাচের স্কুলের শিক্ষক জো জ্যাকসন। মাত্র ২৩ বছর বয়সেই এই তরুণী নিজের একটি নাচের স্কুল খুলেছেন। ১৬ বছর বয়স থেকেই তিনি নাচ শেখাচ্ছেন। আর তখন থেকেই তিনি কারও অধীনে চাকরি করেন না। বরং নিজেই নিজের চাকরি করেন। জো এখন কাজ করছেন নিজের প্রতিষ্ঠান লিভিং দ্য ড্রিমে। আর সেখানে তিনি নিজেই নিজের বস। জো জ্যাকসন বলেন, ‘১৪ বছর বয়সে আমি আমার শহরের এক দোকানে কাজ করতাম। তখনই আমার যে অভিজ্ঞতা হয়, তাতে বুঝতে পারি আমি কখনো কোনো প্রতিষ্ঠানে কারও অধীনে কাজ করতে পারব না। আর সেই থেকে নিজের ব্যবসা শুরুর চিন্তা। সেই ব্যবসাই এখন যথেষ্ট লাভজনক। জোর লিভিং দ্য ড্রিমে নাচ শিখে ৪০০ শিক্ষার্থী। এ ছাড়া সেখানে কাজ করে ১৫ জন কর্মচারী। নিজের এই সাফল্য সম্পর্কে জো জ্যাকসন বলেন, যদি ইচ্ছে থাকে তাহলে সবকিছুই করা সম্ভব। এ ছাড়া আত্মবিশ্বাসও খুব জরুরি। তাহলেই স্বপ্ন থাকে হাতের মুঠোয়। পৌঁছানো যায় সাফল্যের চূড়ায়।’
জোর মতো আরও অনেকেই এখন যুক্তরাজ্যে নিজস্ব ব্যবসা খুলতে আগ্রহী। চাকরির পেছনে হন্যে হয়ে না ঘুরে তাঁরা নিজের পায়ে দাঁড়াতে আগ্রহী। যুক্তরাজ্যের মোট জনসংখ্যার ২৫ শতাংশ বেকার। যুক্তরাজ্যের তুলনায় স্পেনে বেকারের সংখ্যা দ্বিগুণ। আর চাকরির এই খরার মধ্যে আশার আলো দেখাচ্ছেন জো ও তাঁর মতো উদ্যমী তরুণ-তরুণীরা। জো জ্যাকসনের এ উদ্যম ছড়িয়ে পড়েছে তাঁর নাচের স্কুলের শিক্ষার্থীদের মধ্যেও। জোর নাচের স্কুলের শিক্ষার্থী ১৫ বছরের টি জে উইলিয়ামস বলেন, ‘আমি খুব লাজুক ছিলাম। কিন্তু নাচের স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আমি এখন প্রাণবন্তভাবে কাজ করতে পারি।’ আরেক শিক্ষার্থী ১২ বছরের জিসকা রিড বলেন, ‘ আমি একই সঙ্গে নাচ, গান ও অভিনয় শিখছি। আশা করি, যেকোনো ক্ষেত্রে আমি আমার ভবিষ্যত্ গড়ে তুলতে পারব।’ নাচের স্কুলের আরেক শিক্ষার্থী জ্যাক চেস্টার বলেন, ‘আমি ভ্রমণ নিয়ে কিছু করতে চাই। আর তাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ভ্রমণ করি। এভাবেই নিজের ক্যারিয়ার গড়তে চাই।’ রয়টার্স।