নিজেকে চেনালেন গুল
আইসিসির নিষেধাজ্ঞার খড়্গ মাথায় নিয়ে আমির-আসিফ দলে নেই। মধ্য তিরিশের শোয়েব আখতারের বোলিংয়ে ধার নেই। বিশ্বকাপে উমর গুলই তাই পাকিস্তানের পেস আক্রমণের প্রাণভোমরা। কিন্তু ২৬ বছর বয়সী গুল ঠিক ছন্দটা পাচ্ছিলেন না। একটু দেরিতে হলেও গুল ফিরে পেয়েছেন ছন্দ।নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচটিতেই গুল বুঝিয়ে দেন, দলের বোলিং আক্রমণে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তৈরি। পরশু সেই ক্যান্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে দলকে জিতিয়ে ছিনিয়ে নিলেন ম্যাচ অব দ্য ম্যাচের পুরস্কারই। ৭.৪ ওভার বলে ১ মেডেন, ৩৬ রান দিয়ে ৩ উইকেট। বৃষ্টি হানা না দিলে হয়তো ৫ উইকেটই পেতেন।প্রথম তিন ম্যাচে ৪ উইকেট—গুল ঠিক ঝলসে উঠতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ইঙ্গিত দিয়েছিলেন ঝলসে ওঠার। ১০ ওভার বোলিং করে ৩২ রানে নিয়েছিলেন ৩ উইকেট। সেদিন তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ওয়েস্ট ইন্ডিজে সাবেক তারকা ইয়ান বিশপ এই বিশ্বকাপে তাঁর সেরা সাত পেসারের তালিকায় রেখেছেন গুলকে। তবে গুল হয়তো বেশি অনুপ্রাণিত হয়ে থাকবেন ওয়াকার ইউনুসের প্রশংসায়। গুলের ওপর পাকিস্তান কোচের খুবই আস্থা। নিউজিল্যান্ড ম্যাচে রস টেলর বাকিদের ওপর ঝড় বইয়ে দিলেও গুল তাঁর জায়গায় ছিলেন ভয়ংকর।নিউজিল্যান্ড ম্যাচের পারফরম্যান্স গুল টেনে আনেন জিম্বাবুয়ের বিপক্ষেও। শোয়েব আখতারের অনুপস্থিতিতে নতুন বল হাতে নিয়েই সফল। ইনিংসের প্রথম ওভারেই রাজ্জাক ফেরান ব্রেন্ডন টেলরকে। ওই প্রান্তে বোলিংয়ে এসে গুল তাঁর প্রথম ওভারেই ফিরিয়ে দেন রেজিস চাকাভাকে। নিজের তৃতীয় ওভারে আবার তুলে নেন সিবান্দার উইকেট। বৃষ্টিতে জিম্বাবুয়ে ইনিংস পণ্ড হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ফেরান প্রসপার উতসেয়াকে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নিষ্পত্তি হওয়া ম্যাচে ৭ উইকেটে জিতে পাকিস্তান পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। আর বিশ্বকাপে প্রথমবারের মতো গুল পান ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।ম্যাচসেরার স্মারক হাতে গুলের মুখেও ঝরল নিজেকে ফিরে পাওয়ার তৃপ্তি, ‘ফর্ম ও ছন্দ ফিরে পাওয়ায় আমি খুশি। সব সময়ই উইকেট-টু-উইকেট বোলিং করার চেষ্টা করি। ম্যাচের আগে আমি পিচটা দেখেছিলাম। আগে বল করাটা ছিল দারুণ ব্যাপার। আমরা এখন অস্ট্রেলিয়া ম্যাচের দিকে তাকিয়ে আছি। আমাদের এখন নিজেদের ভুলভালগুলো শুধরে নিতে হবে। তা হলেই আমরা সেরাটা দিতে পারব।’ ওয়েবসাইট।