নিজেকে তুলে ধরুন
হাজারো মানুষের ভিড়ে এটি আলাদা করবে আপনাকে, তুলে ধরবে আপনার যোগ্যতা-অযোগ্যতা। উপস্থাপনার ভঙ্গিতেই গড়ে দেবে পার্থক্য। সেখানে হয়তো আপনি থাকবেন না, তখন এই জীবনবৃত্তান্তই কথা বলবে আপনার হয়ে। জীবনবৃত্তান্ত দেখেই নিয়োগকর্তা চাকরিপ্রার্থী সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে পারেন, সে অনুযায়ী প্রাথমিক নির্বাচনও করবেন। তাই চাকরিপ্রার্থীদের চাকরি পাওয়া এবং নিয়োগকর্তার প্রার্থী নির্বাচন দুই ব্যাপারেই একটি সাবলীল জীবনবৃত্তান্ত বেশ জরুরি। জীবনবৃত্তান্তের মাধ্যমে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারাটাই আসল। চাকরি পাওয়ার পূর্বশর্ত হচ্ছে চাকরিপ্রার্থীকে নিয়োগকর্তার কাছে সম্পূর্ণরূপে উপস্থাপন করা। নিজের যোগ্যতা, অর্জন, অভিজ্ঞতা, প্রতিভা আর সম্ভাবনাকে তুলে ধরতে হবে স্বল্প সময়ে, অল্প কথায়। সহজ সাবলীল কথার সঙ্গে এই কাগুজে প্রতিচ্ছবিতেই তুলে ধরতে হবে আপনার রুচিবোধ, মানসিকতা, সর্বোপরি আপনার আপনাকে।নিজের যা আছে তাই তুলে ধরা চাকরির ক্ষেত্রে নিজের যোগ্যতার প্রথম উপস্থাপনা হয় সিভি বা রেজ্যুমে তথা জীবনবৃত্তান্তে। এটি মূলত একজন প্রার্থীর জীবনের সারমর্ম। এতে ব্যক্তিগত, শিক্ষাগত, পেশা আর যোগ্যতার তথ্যে একনজরে কাউকে তুলে ধরা হয়। এটিকে একজন চাকরিপ্রার্থীর ব্যক্তিগত বিজ্ঞাপনও বলা হয়। এ প্রতিযোগিতার বাজারে প্রথম উপস্থাপনায় অন্য আরেকজন থেকে নিজেকে আলাদা করার প্রথম সুযোগটি দেয় একজনের জীবনবৃত্তান্ত। এ জন্য ভুল তো করাই যাবে না, সঙ্গে এতে কিছু স্বচ্ছন্দ ও স্বকীয়তাও থাকতে হবে। ঝকঝকে সুন্দর, নির্ভুল তথ্যসমৃদ্ধ এবং উপযুক্ত জীবনবৃত্তান্ত হবে কারও চাকরি পাওয়ার প্রথম শর্ত। জীবনবৃত্তান্তকে ইংরেজিতে দুইভাবে বলা হয়ে থাকে, সিভি ও রেজ্যুমে। শব্দ দুটোর অর্থ মোটামুটি একই রকম। রেজ্যুমে শব্দটি মার্কিন ঘরানার ইংরেজিতে ব্যবহূত হয় আর সিভি বা কারিকুলাম ভিটে ব্যবহূত হয় মূলত ব্রিটিশ ইংরেজিতে। তবে এর বাইরেও সামান্য কিছু পার্থক্য আছে এ দুয়ের মধ্যে। রেজ্যুমেতে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা আর অন্যান্য প্রাসঙ্গিক যোগ্যতাই আসে মূলত। রেজ্যুমে বেশি প্রচলিত যুক্তরাষ্ট্রে। আমাদের দেশে রেজ্যুমে ও সিভি দুটিরই ব্যবহার থাকলেও সিভিই বেশি প্রচলিত। সিভিতে রেজ্যুমেতে থাকা যোগ্যতাগুলো তো থাকেই, সঙ্গে ব্যক্তিগত তথ্যও উঠে আসে। পেশাগত ও শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সিভিতে নিজের কথা, পছন্দ-অপছন্দ, অভিজ্ঞতা, ভাষাজ্ঞান, পারিপার্শ্বিক জ্ঞানসহ বিভিন্ন বিষয় উঠে আসে।জীবনবৃত্তান্তের অনুষঙ্গজীবনবৃত্তান্তের একটি অপরিহার্য অনুষঙ্গ হচ্ছে কভার লেটার। সিভির মূল উদ্দেশ্যই বলে দেয় এই কভার লেটার। একে মোটামুটি চাকরির আবেদনপত্র বলা যেতে পারে। কী জন্য সিভিটা দেওয়া হচ্ছে সেটা জানানোই এর উদ্দেশ্য। কোনো নির্দিষ্ট চাকরির আবেদনের ক্ষেত্রে সিভির সঙ্গে কভার লেটার পাঠাতেই হয়। এটি সাধারণত লেখা হয় প্রতিষ্ঠানের মানব সম্পদ কর্মকর্তাকে উদ্দেশ করে। এতে সংক্ষেপে উদ্দেশ্য পূরণের সঙ্গে সঙ্গে মনোযোগ আকর্ষণের চেষ্টা করতে হবে। কভার লেটারের আকার হবে এক পৃষ্ঠায় দুই বা তিন অনুচ্ছেদের মধ্যে। সম্বোধন অংশে সংশ্লিষ্ট ব্যক্তির নাম জানা না থাকলে ‘ডিয়ার স্যার’ বা ‘ডিয়ার এইচআর ম্যানেজার’ ধরনের কথা দিয়ে শুরু করতে পারেন। এবার প্রথম অনুচ্ছেদ শুরু করুন মনোযোগ আকর্ষণ করার কোনো বাক্য দিয়ে। তারপর লিখতে পারেন সংশ্লিষ্ট পদের জন্য আপনি নিজেকে কেন উপযুক্ত মনে করেন, এসব বিষয়। সংক্ষেপে পেশাগত সাফল্যের কথাও তুলে দিতে পারেন। এসব অভিজ্ঞতা ও সাফল্যকে অবশ্যই ওই চাকরির সঙ্গে সম্পর্কযুক্ত করতে হবে। লক্ষ রাখতে হবে কভার লেটারে দেওয়া কোনো তথ্যই যেন সিভির সঙ্গে গরমিল না করে। কভার লেটারের শেষের দিকে আপনার কাঙ্ক্ষিত পারিশ্রমিকের কথা আসতেই পারে, তবে তা লেখার সময় সচেতন হতে হবে। সবশেষে সাক্ষাত্কারের অনুরোধ করে ধন্যবাদ জানান। নিজের নাম-ঠিকানা, ফোন, ই-মেইল ঠিকানা লিখুন। নামের ওপর স্বাক্ষর দিন। ই-মেইলের মাধ্যমে আবেদন করলে ই-মেইলের সাবজেক্টের জায়গায় চাকরির পদের নাম। ই-মেইলের মূল অংশে ‘কভার লেটার’ লিখে সাধারণ ডকুমেন্ট ও কভার লেটার আলাদাভাবে সংযুক্ত ফাইল (অ্যাটাচমেন্ট) হিসেবে পাঠাতে হয়। প্রতিষ্ঠানের নির্দিষ্ট ফরমে আবেদন করলে কভার লেটারের দরকার নেই। নির্দিষ্ট চাকরির আবেদন ছাড়াও অনেক সময় সিভি পাঠানো হয়। এ ক্ষেত্রে কভার লেটারেই তা উল্লেখ করতে হবে।আপনার সঠিক উপস্থাপনাতথ্য অবশ্যই সঠিক ও বস্তুনিষ্ঠ হতে হবে, উপস্থাপনা হবে প্রাঞ্জল। তথ্য উপস্থাপনের সময় এতে নিজস্বতা রাখার চেষ্টা করতে হবে। একটি কার্যকর ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত পরিচ্ছন্ন, সুপাঠ্য ও সুস্পষ্ট তথ্যসংবলিত হতে হবে। চেষ্টা করতে হবে এর আকার ছোট রাখার। এ ব্যাপারে আইসিডিডিআরবির মানব সম্পদ বিভাগের প্রধান মোশারফ হোসেন বলেন, সিভিতে মূল কথাগুলো সংক্ষিপ্ত পরিসরে গুছিয়ে আনতে হবে। সদ্য স্নাতকদের সিভিতে এক পৃষ্ঠায় সব তথ্য তুলে ধরতে পারলে ভালো হয়। তাদের সিভি বড়জোর দুই পৃষ্ঠার হতে পারে। তবে অভিজ্ঞ পেশাজীবীদের সিভি তিন থেকে পাঁচ পৃষ্ঠা পর্যন্ত হতে পারে। মোটকথা সংক্ষিপ্ত পরিসরে কথার বাহুল্য ছাড়াই জীবনবৃত্তান্তে আপনার আপনাকে তুলে ধরতে হবে। এখানে নিজের যোগ্যতাগুলো তুলে ধরতে হবে কৌশলে। তবে অবশ্যই তথ্য প্রদানের ক্ষেত্রে সত্ হতে হবে। সে ক্ষেত্রে নিজের কিছু অযোগ্যতা কৌশলে এড়িয়ে যেতে পারলে ভালো হয়।একনজরে আপনার আপনিএকটা জীবনবৃত্তান্ত যেন এমন হয় যা থেকে একজনের ভবিষ্যত্ স্বপ্ন ও সম্ভাবনার আঁচ পাওয়া যায়। এ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন মোর্শেদ বলেন, সিভির শুরুতেই সংক্ষিপ্তভাবে, সম্ভব হলে একবাক্যে জীবনের লক্ষ্যটা লিখতে হবে। আর এই কথা লিখতে অবশ্যই খুব সতর্ক হতে হবে। তিনি আরও বলেন, এখন দেখা যায় অনেকেই জীবনবৃত্তান্তের একেবারে শুরুতে এক অনুচ্ছেদে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন। এটাও বেশ ভালো। বিশেষ করে অভিজ্ঞদের বড় সিভির মধ্যে যে তথ্যগুলো থাকবে তার সারমর্ম দিয়ে একনজরে নিজেকে তুলে ধরা যেতে পারে। যেখানে মূলত মূল শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও দক্ষতার কথা থাকতে পারে, থাকতে পারে নিজের ব্যক্তিত্বকে তুলে ধরে নিজের এমন কথাও। এ ছাড়া জীবনবৃত্তান্তের ওপরের দিকে প্রার্থীর নাম, যোগাযোগের ঠিকানা, ফোন ও ই-মেইল ঠিকানা থাকতে হবে। সিভিতে এরপর সদ্য উত্তীর্ণ শিক্ষার্থীর ক্ষেত্রে তার শিক্ষাগত তথ্যই প্রাধান্য পাবে সবার আগে। এখানে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা থেকে ধারাবাহিকভাবে আগের শিক্ষাগত যোগ্যতার তথ্য সাজিয়ে লিখতে হবে। শিক্ষাক্ষেত্রে বিশেষ কোনো অর্জন থাকলে অল্প কথায় তাও লেখা যেতে পারে এখানে। খণ্ডকালীন চাকরি বা বিভিন্ন প্রকল্পে কাজের অভিজ্ঞতার কথা লেখা যেতে পারে। স্বেচ্ছাসেবী কাজ বা সহশিক্ষা কার্যক্রমের তথ্য দিয়েও তাঁরা নিজেদের উপস্থাপন করতে পারেন। সে সঙ্গে ধাপে ধাপে থাকতে পারে পারদর্শিতা, সাফল্য, সংগতিপূর্ণ ব্যক্তিগত তথ্য ও রেফারেন্স। রেফারেন্সের জায়গায় এমন দুজনের নাম-ঠিকানা ও ফোন নম্বর দেবেন যাঁরা আপনাকে চেনেন এবং আপনার সম্পর্কে তাঁদের ইতিবাচক মনোভাব আছে বলে মনে করেন আপনি। সদ্য স্নাতকেরা কোনো শিক্ষকের নাম দিতে পারেন এখানে। রেফারেন্স হিসেবে যাঁদের নাম দিচ্ছেন তাঁদের সে বিষয়টি জানিয়ে রাখুন। যাঁরা ইতিমধ্যে কোনো চাকরিতে আছেন তাঁদের ক্ষেত্রে পেশাগত দক্ষতা বা অভিজ্ঞতাগুলোই বেশি প্রাধান্য পাবে, সঙ্গে থাকবে অন্যান্য তথ্যও। পেশাগত বিশেষ সাফল্য বা প্রশিক্ষণকেও লিখতে হবে সাজিয়েগুছিয়ে। আগের চাকরির অভিজ্ঞতা লিখতে গিয়ে সময়, পদ, পদোন্নতি ও দায়িত্বের কথা লেখা যেতে পারে। রেফারেন্সের জায়গায় আপনার বর্তমান বা আগের কর্মস্থলের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা কোনো আত্মীয়ের নাম দিতে পারেন। সিভি তৈরি করুন যত্নের সঙ্গেজীবনবৃত্তান্ত তৈরি করতে হবে একটু সময় নিয়ে। ভালো করে ভেবেচিন্তে নিজের যোগ্যতাগুলোতে গুছিয়ে তুলে ধরতে হবে। এখানে তথ্যগুলো এমনভাবে সাজাতে হবে যাতে তা চাকরিদাতাকে আকর্ষণ করে। সময়ে সময়ে সিভিকে হালনাগাদ করতে হবে। আর সব চাকরির ক্ষেত্রে একই সিভি দেওয়া ঠিক না। নির্দিষ্ট চাকরির জন্য প্রয়োজনীয় তথ্য সম্পর্কযুক্ত করে সাজাতে হবে জীবনবৃত্তান্ত। চাকরির ধরনের সঙ্গে সাজিয়ে নিন সিভির বিভিন্ন তথ্য। যে চাকরির জন্য সিভি তৈরি করছেন, তার সঙ্গে সম্পর্কযুক্ত যোগ্যতা ও তথ্য তুলে ধরতে হবে ভালো করে। সিভিতে কিছু ভুল হতে পারে, এসব ব্যাপারে লক্ষ রাখতে হবে। সাধারণ ভুলগুলোর মধ্যে আছে তথ্যের বাহুল্য, তথ্যের দৈন্য, শব্দ নির্বাচন ও বাক্য গঠনে ভুল, ভাষাগত কাঠিন্য, অপরিচিত শব্দ বা কোডের ব্যবহার, তথ্য উপস্থাপনে অসততা, অস্পস্ট লেখা বা ছাপা। লক্ষ রাখুন মানব সম্পদ বিশেষজ্ঞদের মতে জীবনবৃত্তান্ত তৈরির সময় কিছু বিষয়ে লক্ষ রাখা ভালো। নিচে সেসব তুলেধরা হলো সাদা অফসেট কাগজে সিভি তৈরি করুন। সবচেয়ে ভালো হয় কম্পিউটারে কম্পোজ করে প্রিন্ট নিলে। ওপরে আলাদা করে ‘সিভি’ বা ‘রেজ্যুমে’র টাইটেল বা হেডিং দেওয়ার দরকার নেই। ইংরেজিতে হলে টাইমস নিউ রোমান ১২ পয়েন্টের ফন্টে লেখাটাই সবচেয়ে ভালো, বাংলায় হলে প্রচলিত কোনো ফন্টে ১৪ পয়েন্টে লিখুন। প্রিন্টে কালো কালি ব্যবহার করাই নিরাপদ। মার্জিত রঙেও ছাপা হতে পারে, কিন্তু রঙের দৌরাত্ম্য বা গ্রাফিকসের বাড়াবাড়ি এড়িয়ে চলতে হবে। চারপাশে এক ইঞ্চি করে জায়গা ফাঁকা (মার্জিন) রাখা ভালো। বাড়তি কথা লিখে সিভি বড় করা যাবে না। নিজের সম্পর্কে কোনো ভুল বা মিথ্যা তথ্য কখনোই ব্যবহার করবেন না। সিভিতে তারিখ বা স্বাক্ষর দেওয়ার দরকার নেই। সিভির ফটোকপি পাঠাবেন না। ভাষা হবে প্রচলিত ও সহজ।