এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১১ সেপ্টেম্বর এসেছিলেন ইনডিপেনডেন্ট ক্যারিয়ার কনসালট্যান্ট অ্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট, অর্থাৎ পেশা-পরামর্শ ও বিপণন বিষয়ে বিশেষজ্ঞ গোলাম সামদানী। কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। ক্যারিয়ার কাউন্সেলিং বা পেশা নির্বাচনের ব্যাপারে বিভিন্ন পরামর্শ দিয়েছেন তিনি।কথাবন্ধু: ক্যারিয়ার কাউন্সেলিং বা পেশাবিষয়ক পরামর্শ সম্পর্কে কিছু বলুন।গোলাম সামদানী: ক্যারিয়ার কাউন্সেলিং হচ্ছে জব মার্কেট বা চাকরির বাজার সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত কিছু তথ্য জানানো। বাংলাদেশে কী ধরনের চাকরি রয়েছে, চাকরিদাতারা কী চান এবং শিক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবেন—এ বিষয়ে শিক্ষার্থীদের কিছু তথ্য দেওয়াই হচ্ছে ক্যারিয়ার কাউন্সেলিং। চাকরির বাজার বর্তমানে অনেক প্রতিযোগিতামূলক। এ জন্য শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান এবং কীভাবে সিভি বা জীবনবৃত্তান্ত তৈরি করবেন, কীভাবে ইন্টারভিউ বোর্ডে যাবেন—এসব তথ্য দেওয়াই হচ্ছে ক্যারিয়ার কাউন্সেলিং।কথাবন্ধু: একজন শিক্ষার্থী কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কী কী প্রতিকূলতা মোকাবিলা করেন বলে আপনি মনে করেন?গোলাম সামদানী: এ ক্ষেত্রে আমি যা দেখেছি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পড়াশোনার অনেক চাপ থাকে। একই সঙ্গে ভবিষ্যতে পেশা নির্বাচনের ক্ষেত্রে তাঁদের মধ্যে অনেক ধরনের দ্বিধা থাকে এবং বিভিন্ন ধরনের প্রশ্নও তৈরি হয়। অনেকেই সহশিক্ষা কার্যক্রমের মধ্যে এত বেশি জড়িত থাকেন যে এতে নিজের পড়াশোনারও ক্ষতি হয়। এ জন্য সমন্বয় করে চললে আমার মনে হয় সব শিক্ষার্থীই উপকৃত হবেন। কথাবন্ধু: কীভাবে এসব প্রতিকূলতা দূর করে একজন শিক্ষার্থী নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন?গোলাম সামদানী: কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে অনেকেই ভালো চাকরি আশা করেন। সে জন্য শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অবশ্যই মনোযোগ দিতে হবে। পাশাপাশি এক্সট্রা কারিকুলাম বা পাঠ্যসূচি বহির্ভূত কার্যক্রমের সঙ্গেও যুক্ত হওয়া উচিত। এ জন্য বিভিন্ন ক্যারিয়ার কাউন্সেলিং, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণে অংশ নেওয়া উচিত। একই সঙ্গে গান, কবিতা, ভ্রমণ ইত্যাদি বিষয়েও দক্ষতা অর্জন করা যেতে পারে। করপোরেট ওয়ার্ল্ড ও বর্তমান চাকরির বাজারকে সামনে রেখে এগিয়ে নেওয়া উচিত। তাহলেই শিক্ষার্থীরা জানতে পারবেন, কোনটার গুরুত্ব বেশি আর কোনটার কম।কথাবন্ধু: পড়াশোনা শেষে কর্মজীবনে সাফল্য পাওয়ার জন্য একজন শিক্ষার্থীর কী কী বিষয়ে দখল থাকা বা জোর দেওয়া উচিত?গোলাম সামদানী: অনেকেই পড়াশোনা করে ভালো ফল করছেন। কিন্তু পেশার ক্ষেত্রে ভালো চাকরির সংখ্যা কম। এ জন্য অন্যদের চেয়ে নিজেকে কিছুটা হলেও আলাদা করা উচিত। শিক্ষার্থীদের এ জন্য কমপক্ষে ৩.৫ সিজিপিএ দরকার। একই সঙ্গে অন্যান্য এক্সট্রা কারিকুলামেও নিজেকে দক্ষ করে তুলতে হবে। কারণ, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কর্মী নিয়োগের ক্ষেত্রে নেতৃত্বগুণ ও দক্ষতাকে প্রাধান্য দিয়ে থাকে।কথাবন্ধু: বাংলাদেশে চাকরি পাওয়া অনেক কঠিন। চাকরি পেলেও তা হয়তো নিজের পড়ালেখার সঙ্গে মেলে না। সেখানে স্বপ্নের কাজটি কি আদৌ পাওয়া সম্ভব?গোলাম সামদানী: অনেকেই বলেন, বাংলাদেশে চাকরি পাওয়া বেশ কঠিন। কিন্তু চাকরিদাতারা বলছেন, তাঁরা দক্ষ লোক খুঁজে পাচ্ছেন না। আপনি সংবাদপত্রগুলো খেয়াল করুন, সেখানে প্রতিদিনই নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবেন। সবাই ভালো চাকরি খুঁজছেন কিন্তু এর জন্য যে ধরনের যোগ্যতা বা দক্ষতা দরকার, সেগুলো নিয়ে কেউই চিন্তা করছেন না। এ জন্য নিজেকে অবশ্যই দক্ষ করে তুলতে হবে।কথাবন্ধু: একজন চাকরিদাতা হিসেবে আপনি প্রার্থীর কোন কোন দক্ষতাকে প্রাধান্য দেবেন?গোলাম সামদানী: আমি শুরুতেই দেখব তার লিডারশিপ বা নেতৃত্বগুণ এবং পড়ালেখার ফল ভালো কি না। একই সঙ্গে তিনি এক্সট্রা কারিকুলামের সঙ্গে কীভাবে যুক্ত ছিলেন, খণ্ডকালীন কোনো কাজ করেছেন কি না ইত্যাদি। এই তিন বিষয়ই প্রমাণ করবে তিনি কাজের জন্য উপযুক্ত কি না।কথাবন্ধু: চাকরি খোঁজার শুরুটা হয় জীবনবৃত্তান্ত দিয়ে। কীভাবে একটি জীবনবৃত্তান্তকে অনন্য ও আকর্ষণীয় করা যায়?গোলাম সামদানী: অবিশ্বাস্য হলেও সত্য যে জীবনবৃত্তান্তের ক্ষেত্রে সর্বপ্রথম ছবিটাই নজরে আসে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, অনেকেই জীবনবৃত্তান্তের সঙ্গে ভালো ছবি সংযুক্ত করেন না। জীবনবৃত্তান্ত তৈরির সময় অবশ্যই বিস্তারিত তথ্য দেওয়া উচিত। একই সঙ্গে অভিজ্ঞতা ও দক্ষতার ওপর এটি তৈরি করা উচিত। জীবনবৃত্তান্ত অবশ্যই সহজ করে লিখতে হবে, যাতে চাকরিদাতারা সহজেই তা বুঝতে পারেন। উল্লেখযোগ্য কোনো সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালায় যোগ দিয়ে থাকলে সেটিও উল্লেখ করা উচিত। কারণ, যিনি আপনার জীবনবৃত্তান্ত দেখবেন, তিনি কিন্তু আপনাকে চেনেন না। সে ক্ষেত্রে জীবনবৃত্তান্তই আপনাকে চাকরিদাতার সামনে তুলে ধরে। চাকরি করার অভিজ্ঞতা থাকলে তা আগে লিখুন। এরপর শিক্ষাগত যোগ্যতা ও ব্যক্তিগত তথ্য উল্লেখকরেন। সদ্য স্নাতক ডিগ্রিধারীরা জীবনবৃত্তান্তের শুরুতেই শিক্ষাগত যোগ্যতা দিয়ে শুরু করুন। একই সঙ্গে ক্যারিয়ার অবজেকটিভ বা চাকরির উদ্দেশ্য ছোট করে লিখুন। জীবনবৃত্তান্ত তৈরি হয়ে গেলে কয়েকবার তা পড়ে নিন।কথাবন্ধু: সফল ক্যারিয়ার বা কর্মজীবন গড়তে নতুনদের জন্য আপনার পরামর্শ কী হবে?গোলাম সামদানী: অধ্যবসায় ও লক্ষ্য ঠিক রাখতে হবে। যিনি যে ক্ষেত্রে কাজ করতে চান, তাঁকে সে সম্পর্কে বিস্তারিত জানতে হবে। একই সঙ্গে ওই বিষয়ে প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করতে হবে। চাকরির বাজার অনুযায়ী লেখাপড়ার পাশাপাশি আপনাকে অন্যান্য বিষয়েও দক্ষ হতে হবে। সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। তবেই আপনি অবশ্যই সফল হবেন।গ্রন্থনা: সুদীপ দে