এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ৩১ জানুয়ারি এসেছিলেন কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর বা কারিগরি সমন্বয়কারী মিশায়েল আজিজ আহমেদ। তিনি কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজসহ নানা বিষয়ে আলোচনা করেছেন তিনিকথাবন্ধু: এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ (ইসিএ) সম্পর্কে কিছু বলুন।মিশায়েল আজিজ আহমেদ: বর্তমানে চাকরির বাজারের যে অবস্থা, তাতে পছন্দসই চাকরি পাওয়া কঠিন। সেজন্য শিক্ষার্থীকে ভালো ফলাফলের পাশাপাশি অন্যান্য বিষয়েও দক্ষ হতে হবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখাই হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ। যা বিভিন্নভাবে হতে পারে। এ ছাড়া শিক্ষার্থী থাকাকালীন কিছু উপার্জন করা এবং অভিজ্ঞতা অর্জন করাটাই মূলত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ। কথাবন্ধু: ইসিএর মধ্যে কী ধরনের বিষয় থাকতে পারে? এর পরিধি কতটুকু বলে আপনি মনে করেন?মিশায়েল আজিজ আহমেদ: ইসিএর সুবিধা হচ্ছে পড়াশোনার পাশাপাশি আপনি কিছু একটা করতে পারেন। এখানে অনেক কিছু করার ও শেখার সুযোগ থাকে। এতে আপনার পরিচিতি, যোগাযোগের মাধ্যম, অভিজ্ঞতা, জ্ঞানের পরিধি ইত্যাদি বাড়বে। কথাবন্ধু: পড়াশোনার পাশাপাশি একজন ছাত্রের জন্য ইসিএ গুরুত্বপূর্ণ কেন? মিশায়েল আজিজ আহমেদ: মানুষের ব্যক্তিত্ব গঠনে ইসিএ অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী থাকা অবস্থায় মানুষের যোগাযোগের মাধ্যমটি ছোট থাকে। সে সময় যদি কেউ কোনো কাজের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার যোগাযোগের ক্ষেত্রটি বেড়ে যায়। যদি কেউ লেখালেখি করেন তাহলে পত্রিকার সঙ্গে তাঁর যোগাযোগ ঘটে। যিনি ফটোগ্রাফি করেন, গ্রাহকদের সঙ্গে তাঁর যোগাযোগ বাড়ে। এভাবেই জগৎটি আরও বড় হয়। ভুল শোধরানোর সুযোগও পাওয়া যায়। মানুষের সঙ্গে কীভাবে চলতে ও কথা বলতে হবে, তা আগে থেকেই তিনি শিখে যান।কথাবন্ধু: পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ নির্বাচনে একজন শিক্ষার্থী কোন বিষয়গুলো খেয়াল রাখবে? মিশায়েল আজিজ আহমেদ: বিভিন্নভাবে এটি ঠিক করা যায়। পড়ালেখার সঙ্গে মিল রেখে ঠিক করতে পারেন অথবা পড়ালেখার বাইরেও আপনার আগ্রহ থাকতে পারে। এ জন্য ধরাবাঁধা কোনো নিয়ম নেই। লেখালেখি বা ফটোগ্রাফি করা কিংবা ট্যুর গাইড হওয়াসহ যে কাজে আগ্রহ আছেসেটির সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। কথাবন্ধু: পেশা নির্বাচনের ক্ষেত্রে ইসিএ কী ধরনের ভূমিকা রাখতে পারে?মিশায়েল আজিজ আহমেদ: যাঁরা এখন শিক্ষার্থী, তাঁরা যদি সরাসরি পেশা নির্বাচনের ক্ষেত্রে ইসিএর ভূমিকা খুঁজতে যান, সেটা উচিত হবে না। তবে আপনি অনুভব করবেন যে ইসিএর মাধ্যমে কীভাবে যোগাযোগের ক্ষেত্রটি বাড়ে এবং নিজের জগৎটি বড় হয়।কথাবন্ধু: বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক বা পারিবারিক ব্যবস্থায় এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের কতটুকু সুযোগ আছে?মিশায়েল আজিজ আহমেদ: পরিবার থেকে পড়াশোনাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। কিন্তু পড়ালেখা ঠিক রেখে পরিবারকে বুঝিয়ে দিন, আপনি দুটোই ঠিকমতো করতে পারেন। ইসিএর সুযোগ দিন দিন বাড়ছে। দেশে এখন ব্যবসা-বাণিজ্য বাড়ছে। এ জন্য খণ্ডকালীন কাজের অনেক সুযোগ রয়েছে।কথাবন্ধু: ইসিএ কীভাবে করপোরেট দুনিয়ায় পরিচিতি বাড়ায়?মিশায়েল আজিজ আহমেদ: করপোরেট দুনিয়ায় যদি আপনি অনেক বড় একটি ইভেন্টে স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করেন, তবে দেখবেন আপনার পথ খুলে গেছে। তখন ওই প্রতিষ্ঠানটি আপনার দায়িত্ববোধ দেখবে। পরবর্তী সময়ে তারাই আপনাকে ডাকবে। এ জন্য নিজেকে দক্ষ করে তোলার কোনো বিকল্প নেই।শ্রোতাবন্ধু শ্রাবণী (খুদেবার্তা থেকে): আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েরা কি ইসিএতে পিছিয়ে আছে? কীভাবে তাদের আরও বেশি সম্পৃক্ত করা যায়?মিশায়েল আজিজ আহমেদ: আমাদের দেশে মেয়েরা ইসিএর দিক থেকে খুব পিছিয়ে আছে, আমার তা মনে হয় না। বরং মেয়েরা এ ক্ষেত্রে আরও বেশি এগিয়ে আছে। তবে পারিবারিক বা যাতায়াত নিয়ে সমস্যা থাকতে পারে। ইসিএতে মেয়েদেরই বেশি প্রাধ্যান্য দেওয়া হয়। ইসিএতে যুক্ত হওয়ার বিষয় পুরোটাই নিজের ওপর নির্ভর করে। শ্রোতাবন্ধু টিটু (খুদেবার্তা থেকে): এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজে কোন কোন বিভাগে কাজ করা ভালো?মিশায়েল আজিজ আহমেদ: এ জন্য আপনার ইচ্ছা ও আগ্রহটাই যথেষ্ট। পত্রিকায় লিখতে পারেন। সাংবাদিকতা করতে পারেন। রেডিওতে কাজ করতে পারেন। ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত থাকা যায়। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা যায়। ফটোগ্রাফি করতে পারেন। তবে এ জন্য নিজেকেই সুযোগ তৈরি করে নিতে হবে।কথাবন্ধু: জীবনবৃত্তান্ত ভারী করার ক্ষেত্রে ইসিএর ভূমিকা কী?মিশায়েল আজিজ আহমেদ: ইসিএর সঙ্গে যুক্ত থাকার সময় জীবনবৃত্তান্ত ভারী করার বিষয়টি মনে থাকে না। পড়াশোনা শেষ হওয়ার আগে মানুষ জীবনবৃত্তান্ত ভারী করার চিন্তা করে। তখন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ অনেক সাহায্য করে।গ্রন্থনা: সুদীপ দে