এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ১৪ ফেব্রুয়ারি এসেছিলেন গ্রামীণফোন আইটি লিমিটেডের (রিক্রুটমেন্ট অ্যান্ড এমপ্লয়ি ব্র্যান্ডিং) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মিজানুর রহমান। কথা বলেছেন কথাবন্ধু ব্রতীর সঙ্গে। জীবনবৃত্তান্ত তৈরি, নিয়োগ-প্রক্রিয়ায় সাক্ষাৎকার ও পেশাগত দক্ষতা অর্জনের নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি।কথাবন্ধু: কোনো প্রতিষ্ঠানের জন্য একটি ভালো নিয়োগ-প্রক্রিয়া কতটা গুরুত্বপূর্ণ?মো. মিজানুর রহমান: মানবসম্পদ বিভাগ ছাড়া কোনো প্রতিষ্ঠানই আসলে সুষ্ঠুভাবে চলতে পারে না। যখন কাউকে নিয়োগ দেওয়া হয়, তখন নিয়োগকর্তা আশা করেন যে তাঁর কাছ থেকে প্রতিষ্ঠান কিছু ভালো সেবা পাবে। ভালো বা দক্ষ কাউকে যদি নিয়োগ করা না হয় সে ক্ষেত্রে তাঁর কাছ থেকে চাহিদা মোতাবেক কাজ পাওয়া যাবে না। সুতরাং ভালো নিয়োগ একটি প্রতিষ্ঠানের পূর্বশর্ত হওয়া উচিত। আধুনিক যুগে বড় প্রতিষ্ঠানগুলো বর্তমানে এটাই অনুসরণ করে।কথাবন্ধু: বাংলাদেশে সাধারণত চাকরির ক্ষেত্রে কত ধরনের ইন্টারভিউ বা সাক্ষাৎকার আছে?মো. মিজানুর রহমান: প্রতিষ্ঠানগুলো নিজের প্রয়োজনেই নিয়োগ দিয়ে থাকে। অন্যদিকে যিনি নিয়োগ হয়ে থাকেন, তাঁরও চাকরির প্রয়োজন রয়েছে। ফলে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমেই নিয়োগ-প্রক্রিয়া শেষ হয়। এ জন্য প্রতিষ্ঠানগুলো কাউকে নিয়োগ করার আগে এক ধরনের সাক্ষাৎকার নিয়ে থাকে। অন্যদিকে নিয়োগ হওয়ার পর বা পদোন্নতির ব্যাপারেও এক ধরনের সাক্ষাৎকার হয়। বড় প্রতিষ্ঠানগুলো এ ধরনের ব্যবস্থা নিয়ে থাকে।কথাবন্ধু: ইন্টারভিউ বা সাক্ষাৎকার পর্বে সম্মুখীন হওয়ার আগে প্রতিষ্ঠান বা কাজ সম্পর্কে জানা কতটা জরুরি?মো. মিজানুর রহমান: আপনি যে প্রতিষ্ঠানে ইন্টারভিউ বা সাক্ষাৎকার দিতে চান, আপনাকে অবশ্যই ওই প্রতিষ্ঠান সম্পর্কে এবং কাজ সম্পর্কে জানতে হবে। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী, যদি ওই প্রতিষ্ঠান বা সেখানকার কাজ সম্পর্কে না জানেন, তাহলে বোঝা যাবে যে আপনি ওই কাজ সম্পর্কে আগ্রহী নন। একজন অনাগ্রহী ব্যক্তিকে নিয়োগকর্তা কখনোই নিয়োগ দিতে চান না। সুতরাং আপনাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কাজ সম্পর্কে জানতে হবে এবং তা অবশ্যই জরুরি। না হলে ইন্টারভিউ বোর্ডে খুব বেশি এগিয়ে যাওয়া যায় না।কথাবন্ধু: সাক্ষাৎকারের আগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-সিএসইর শিক্ষার্থীরা কীভাবে নিজেকে প্রস্তুত করতে পারেন?মো. মিজানুর রহমান: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-সিএসই বা ইন্টারনেট টেকনোলজিক-আইটি আধুনিক যুগের সঙ্গে মিলিয়ে পরিবর্তন হচ্ছে। নিত্যনতুন প্রযুক্তি আসছে, পরিবর্তন হচ্ছে। সুতরাং আইটিতে কী কী পরিবর্তন আসছে এবং ভবিষ্যতে কী কী পরিবর্তন আসতে পারে, সে সম্পর্কে একজন সিএসইর শিক্ষার্থীর ধারণা থাকা উচিত। প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখা উচিত। কথাবন্ধু: জীবনবৃত্তান্তে কী ধরনের বা কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি?মো. মিজানুর রহমান: জীবনবৃত্তান্তে অনেকে ব্যক্তিগত তথ্যগুলো বেশি লক্ষণীয় করার চেষ্টা করেন। কিন্তু জীবনবৃত্তান্তে আসলে লক্ষণীয় করা উচিত আপনার যোগ্যতা এবং দক্ষতা আসলে কোথায়। এর আগে আপনি কোথায় কোথায় কী ধরনের কাজ করেছেন এবং কোন কাজে আগ্রহ আছে। আপনি কী ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন ইত্যাদি। জীবনবৃত্তান্তে এ ব্যাপারগুলো বেশি লক্ষণীয় করা উচিত।কথাবন্ধু: জীবনবৃত্তান্তের মধ্যে রেফারেন্স ব্যবহার কতটুকু গুরুত্বপূর্ণ?মো. মিজানুর রহমান: চাকরিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত আসলে কোনো রেফারেন্স প্রয়োজন হয় না। কারণ, আপনার যোগ্যতা ও দক্ষতা দেখার পরই আপনাকে নিয়োগ দেওয়া হবে। তবে রেফারেন্স থাকলে আপনার সম্পর্কে একটি ধারণা নেওয়া যেতে পারে। যেমন, আপনার ব্যক্তিগত তথ্য বা এর আগে যেখানে কাজ করছেন, সেখানে আপনি কতটা ভালো করেছেন ইত্যাদি। সে ক্ষেত্রে আগে আপনি যেখানে কাজ করেছেন, সেই প্রতিষ্ঠানের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম বা আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন, সেই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের নাম লেখাকেই প্রাধান্য দেওয়া উচিত।কথাবন্ধু: বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে কী কী আধুনিক নিয়োগ-কৌশল ব্যবহূত হচ্ছে?মো. মিজানুর রহমান: নিয়োগ-প্রক্রিয়া আগে ছিল গতানুগতিক। জীবনবৃত্তান্ত বাছাই শেষে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন হতো। কিন্তু এখন প্রতিষ্ঠানগুলো চায় যে আমরা যাঁকে নিয়োগ দিচ্ছি, তিনি যেন অনেক দিন ধরে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন। তাই বর্তমানে নিয়োগ-প্রক্রিয়া চলাকালে কর্মীর দক্ষতা কেমন, দলগতভাবে তিনি কাজ করতে পারবেন কি না এসবও দেখা হয়। প্রতিষ্ঠানকে ভালোবেসে কাজ করতে পারবেন কি না এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে কি না, তা-ও যাচাই করা হয়। একই সঙ্গে বর্তমানে নিয়োগ হওয়ার পরও প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কৌশল ব্যবহার করে। বিভিন্ন স্তরে কর্মী নিয়োগের জন্য প্রয়োজন অনুযায়ী এক বা একাধিক প্রক্রিয়া অনুসরণ করা হয়।কথাবন্ধু: এই কৌশলগুলোতে কীভাবে ভালো উত্তর দেওয়া যায়?মো. মিজানুর রহমান: আপনি যে প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন সেটি সম্পর্কে আপনাকে জানতে হবে। তাদের কাজ সম্পর্কে জানতে হবে। কারণ, যিনি প্রশ্ন করবেন তিনি কিন্তু আপনাকে কাজ এবং প্রতিষ্ঠান সম্পর্কেই প্রশ্ন করবেন কিংবা সমসাময়িক বিষয় নিয়েও প্রশ্ন করতে পারেন। এ জন্য অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জেনে যেতে হবে। তাহলেই আপনি ভালো করতে পারবেন। এ জন্য প্রয়োজনে ওয়েবসাইট থেকেও প্রতিষ্ঠান বা তাদের কাজ সম্পর্কে জেনে যেতে পারেন।কথাবন্ধু: কীভাবে নিজের সম্পর্কে বিস্তারিত জানা যায়? নিজের ক্ষমতা ও দুর্বলতা, কর্মদক্ষতা, পেশা ইত্যাদি এবং তা কর্মক্ষেত্রে কীভাবে দক্ষতা বাড়ায়?মো. মিজানুর রহমান: নিজের দুর্বলতা নিজেকেই চিহ্নিত করতে হবে। নিজের সম্পর্কে নিজেই বিচার করুন। একই সঙ্গে দুর্বলতা কাটিয়ে উঠতে চেষ্টা করুন। সে জন্য নিজের কমিউনিকেশন স্কিল (যোগাযোগের ক্ষমতা), কম্পিউটারে দক্ষতা আইটি অথবা প্রেজেন্টেশন স্কিলে দক্ষতা অর্জন করা উচিত।কথাবন্ধু: আইটিতে আসার ক্ষেত্রে নতুনদের জন্য আপনার দিকনির্দেশনা কী হবে?মো. মিজানুর রহমান: আইটিতে প্রচুর সম্ভাবনা রয়েছে। এখানে কাজ করার সুযোগ অনেক। ভবিষ্যতে এ সুযোগ আরও বাড়বে। পাঠ্যসূচির বাইরে আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। নেতৃত্ব নেওয়ার ক্ষমতা থাকতে হবে। সব সময় নিজেকে আপডেট রাখতে হবে।গ্রন্থনা: সুদীপ দে