নিজেকে নির্দোষ দাবি করলেন ইউসুফ মৃধা
রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ বুধবার তাদের কার্যালয়ে রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে সাংবাদিকদের সামনে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।ইউসুফ আলী মৃধা সকাল সাড়ে নয়টার দিকে দুদক কার্যালয়ে যান। আধা ঘণ্টা তিনি বসে ছিলেন। পরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুদকের উপপরিচালক আবু সাঈদ ও সহকারী পরিচালক রাশেদুল রেজা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।পরে ইউসুফ আলী মৃধা সাংবাদিকদের সামনে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, দুদকের কর্মকর্তারা যেসব প্রশ্ন করেছেন তাঁর উত্তর দিয়েছি। তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘এসব ঘটনা ষড়যন্ত্রমূলক।’ তাহলে তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, এটি বিভাগীয় প্রক্রিয়া।’ তদন্তে নির্দোষ প্রমাণিত হয়ে তিনি আবারও স্বপদে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রসঙ্গত, সুরঞ্জিতের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার, রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট এনামুল হক ৯ এপ্রিল মধ্যরাতে বিপুল টাকাসহ ধরা পড়েন।