নিজেকে নির্দোষ দাবি করলেন ওসামার জামাতা
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার মুখপাত্র, তহবিল গঠনকারী ও ওসামা বিন লাদেনের জামাতা সুলাইমান আবু ঘাইথ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আজ শনিবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।গতকাল শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল কোর্টে সুলাইমান আবু ঘাইথকে হাজির করা হয়। আদালতটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার টুইন টাওয়ারে হামলায় নিহত প্রায় তিন হাজার ব্যক্তির স্মরণে গড়ে ওঠা জিরো গ্রাউন্ড থেকে অল্প খানিকটা দূরে অবস্থিত।যুক্তরাষ্ট্রে আবারও ৯/১১-এর মতো হামলা চালিয়ে মার্কিনিদের হত্যা করার হুমকিসংবলিত ধারণ করা প্রকাশিত বার্তাটির সঙ্গে আবু ঘাইথ সংশ্লিষ্ট নন দাবি করে নিজেকে নির্দোষ বলেন।ম্যানহাটনের আদালতে শুক্রবার ১৫ মিনিটের শুনানি হয়। এ সময় দোভাষীর মাধ্যমে বিচারক লুইস এ কাপলান আবু ঘাইথের কাছে জানতে চান, আসামি হিসেবে তিনি তাঁর অধিকার সম্পর্কে জানেন কি না? এর জবাবে তিনি ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। নিজের খরচে আইনজীবী নিয়োগ দেওয়ার সামর্থ্য আছে কি না—জানতে চাইলে তিনি মাথা নেড়ে না-সূচক জবাব দেন। বিচারক আগামী ৮ এপ্রিল আবু ঘাইথের বিচার শুরুর তারিখ ঘোষণা করবেন। আদালতে তাঁর পক্ষে জামিনের আবেদন করা হয়নি। শুনানি শেষে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত তাঁর আইনজীবী কোনো মন্তব্য করতে চাননি। এদিকে আবু ঘাইথকে কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে না পাঠিয়ে আদালতে হাজির করায় রিপাবলিকানরা ওবামা সরকারের তীব্র সমালোচনা করেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা কুখ্যাত এ কারাগারটি বন্ধ করে দেওয়ার অঙ্গীকার করেছেন।সমালোচকেরা বলছেন, সাধারণ অপরাধীর মতো আবু ঘাইথের বিচার করা ঠিক হবে না। তাঁকে চরম শত্রু হিসেবে বিবেচনা করে গুয়ান্তানামো বে কারাগারে বন্দী রাখা উচিত। গত মাসে আঙ্কারার একটি বিলাসবহুল হোটেল থেকে আবু ঘাইথকে গ্রেপ্তার করে তুরস্ক সরকার। ১ মার্চ তাঁকে জর্ডানে পাঠিয়ে দেয় তুর্কি কর্তৃপক্ষ। সেখান থেকে সিআইএ তাঁকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। আবু ঘাইথ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য সংস্থায় (টুইন টাওয়ার) হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন। জর্ডানে গ্রেপ্তারের পর তিনি মার্কিন কর্মকর্তাদের ২২ পৃষ্ঠার একটি জবানবন্দি দেন। তবে মার্কিন কর্মকর্তারা ওই জবানবন্দির ব্যাপারে কিছু জানাননি।ইরান ও জর্ডানে পালিয়ে থাকলেও আল-কায়েদার শীর্ষ নেতা হিসেবে মার্কিন বাহিনীর নজরে ছিলেন আবু ঘাইথ। আল-কায়েদার তহবিলসহ পাকিস্তান-আফগানিস্তানে সংগঠনের মূল কাঠামোতে তাঁর প্রভাব ছিল বলে যুক্তরাষ্ট্র মনে করে।যুক্তরাষ্ট্রের আইন বিভাগের কর্মকর্তারা জানান, আবু ঘাইথ ২০০১ সালের মে মাস থেকে ২০০২ পর্যন্ত বিন লাদেনের পাশে থেকে কাজ করেছেন। তিনি আল-কায়েদার পক্ষে কথা বলতেন এবং বিশ্বব্যাপী ১১ সেপ্টেম্বরের মতো আরও হামলা চালানোর হুমকি দিতেন। ২০০২ সালে কিছু সময়ের জন্য ইরানে চোরাচালানের কাজেও যুক্ত ছিলেন তিনি।জর্ডানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আবু ঘাইথকে আটকের পর যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছে। দুই দেশের বন্দী বিনিময় চুক্তির আলোকেই এটা করা হয়েছে।