নিজেকে নির্দোষ দাবি করলেন জ্যামাইকার কথিত মাদকসম্রাট কোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যামাইকার কথিত মাদকসম্রাট ক্রিস্টোফার ‘দুদুস’ কোক গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক আদালতে তাঁর বিরুদ্ধে আনা মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগের উত্তরে নিজেকে নির্দোষ দাবি করেন। এর আগে তিনি জ্যামাইকায় তাঁর বিচারের যে অধিকার দাবি করেছিলেন তা পরিত্যাগ করেন।জ্যামাইকার রাজধানী কিংস্টোনে পাঁচ সপ্তাহব্যাপী এক ব্যাপক ও রক্তক্ষয়ী অভিযান চালিয়ে পুলিশ অবশেষে ৪২ বছর বয়সী এই কুখ্যাত ব্যক্তিকে শহরটির পশ্চিম উপকণ্ঠ থেকে গত মঙ্গলবার গ্রেপ্তার করে। কোক যুক্তরাষ্ট্রে পৌঁছালে তাঁকে মার্কিন জেলা জজ রবার্ট প্যাটারসন জেলহাজতে পাঠান। গতকাল কোক একটি নীল রঙের হাজতির পোশাক পরে আদালতে হাজির হন। তাঁকে বেশ শান্ত দেখাচ্ছিল। একজন আইনজীবী, যিনি আদালতে কোকের কৌঁসুলি হিসেবে কাজ করবেন বলে জানান। তিনি বলেন, তাঁর ধারণা, কোক জামিনের জন্য আবেদন করবেন। অন্যদিকে মার্কিন অভিশংসকেরা তাঁকে জেলে রাখারই পক্ষপাতি।কোকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।গত বৃহস্পতিবার জ্যামাইকার একটি আদালতে সংক্ষিপ্ত সময়ের জন্য কোককে হাজির করা হয়, যখন তিনি যুক্তরাষ্ট্রের কাছে তাঁকে হস্তান্তরের বিরুদ্ধে মামলা করার অধিকার পরিত্যাগ করেন। এর পরপরই তাঁকে বিমানযোগে নিউইয়র্কে পাঠিয়ে দেওয়া হয়।কোক জ্যামাইকার আদালতকে বলেন, তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দেশ ত্যাগ করছেন। তিনি আরও বলেন, শেষ পর্যন্ত তিনি নির্দোষ প্রমাণিত হবেন এবং একজন স্বাধীন মানুষ হিসেবে তাঁর ক্যারিবীয় স্বদেশে ফিরে আসবেন।মার্কিন অভিশংসকেরা তাঁকে ‘শাওয়ার পোসি’ চক্রের নেতা হিসেবে অভিহিত করে বলেন, আশির দশকের কোকেন যুদ্ধ চলাকালে এ চক্রটি শত শত লোককে হত্যা করে।গত মাসে কোককে আটক করতে পুলিশ ও সেনাসদস্যরা তাঁর মূল ঘাঁটি পশ্চিম কিংস্টোনের টিভোলি গার্ডেনস বস্তিতে অভিযান চালায়। তখন তাঁর দলের লোকজন ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে চার দিনব্যাপী বন্দুকযুদ্ধে ৭৬ ব্যক্তি প্রাণ হারায়। কোক ছিলেন ক্ষমতাসীন জ্যামাইকা লেবার পার্টির একজন শক্তিশালী সমর্থক এবং পশ্চিম কিংস্টোনের বস্তিগুলোতে তাঁর ছিল প্রচুর প্রতিপত্তি। প্রথমে জ্যামাইকা তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে অস্বীকার করে। যার ফলে যুক্তরাষ্ট্র ও জ্যামাইকার মধ্যকার সম্পর্ক কিছুটা তিক্ত হয়ে ওঠে।—রয়টার্স