নিজেকে নির্দোষ দাবি করলেন নাফিস
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস (২১) নিজেকে নির্দোষ দাবি করেছেন। তাঁর বিরুদ্ধে আনা সন্ত্রাসবাদের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নিউইয়র্কের ব্রুকলিনের আদালতে সংক্ষিপ্ত শুনানিকালে নাফিস নিজেকে নির্দোষ দাবি করেন। কয়েদির পোশাক পরে নাফিস আদালতে যান। তবে আদালতে তিনি কোনো কথা বলেননি।নাফিসের জন্য মার্কিন সরকারের তরফ থেকে নিয়োগ দেওয়া আইনজীবীর মাধ্যমে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তাঁর আইনজীবী ও ব্রুকলিনে মার্কিন অ্যাটর্নি কার্যালয়ের মুখপাত্র সাংবাদিকদের কাছে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি জানান, যুক্তরাষ্ট্র সরকারের চেষ্টা করা হচ্ছে নাফিসকে দিয়ে দোষ স্বীকার করানোর। তাঁকে বলা হয়েছে, দোষ স্বীকার করলে তাঁর সাজার মেয়াদ কমতে পারে। সরকারি কৌঁসুলি জেমস লোনাম এ বিষয়টি নিয়ে নাফিসের সঙ্গে আলোচনার কথা গতকাল আদালতকে জানান। তবে নাফিসের পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী হেইডি সিজার শুনানি শেষে এ সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মার্কিন সুপ্রিম কোর্টের বাংলাদেশি বংশোদ্ভুত আইনজীবী মঈন চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের বিচার-পদ্ধতিতে কেউ দোষ স্বীকার করলে তার সাজার মেয়াদ কম হয়। সে ক্ষেত্রে নাফিস দোষ স্বীকার করলে তাঁর বিচার এখানেই শেষ হয়ে যাবে। নাফিসের মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৯ জানুয়ারি। ফেডারেল রিজার্ভ ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে গত ১৭ অক্টোবর নাফিসকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। গত ১৬ নভেম্বর নাফিসের বিরুদ্ধে বিচারকাজ চালিয়ে যাওয়ার পক্ষে বলেন গ্র্যান্ড জুরি। গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের চেষ্টা ও আল-কায়েদার মতো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনকে হামলার প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের চেষ্টা—এই দুই অভিযোগে গ্র্যান্ড জুরি নাফিসকে অভিযুক্ত করেন। দোষী সাব্যস্ত হলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে।যুক্তরাষ্ট্র বনাম নাফিস মামলাটি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের ব্রুকলিনের আদালতে চলছে। আগামী ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে।গণমাধ্যমের খবর ও পুলিশের বর্ণনা অনুযায়ী, গোয়েন্দাদের পাতা ফাঁদে পা দেন নাফিস। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এক হাজার পাউন্ড ওজনের বোমা দিয়ে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। মার্কিন অর্থনীতিতে আঘাত হানা ছিল তাঁর লক্ষ্য। নিউইয়র্ক পুলিশ জানায়, নাফিস গত জানুয়ারিতে ছাত্র ভিসায় যুক্তরাষ্ট্রে যান। পুলিশের দাবি, ‘খুব বড়’ হামলা চালানোর জন্য তিনি সমমনা লোক খুঁজছিলেন। হামলার জন্য তিনি যে সহযোগীদের জোগাড় করেন, তাঁর একজন ছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) ছদ্মবেশী ইনফরমার বা তথ্যদাতা। পুলিশ আরও দাবি করে, বাংলাদেশি এই যুবক যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো সরকারি ব্যক্তিকে হত্যার পরিকল্পনাও করেছিলেন।পুলিশ ও এফবিআই বলেছে, সহযোগী হিসেবে সখ্য গড়ে তোলা ছদ্মবেশী গোয়েন্দারা রেজওয়ানুলকে সাজানো ‘বিস্ফোরক’ ও নকল ডেটোনেটর সরবরাহ করে। সেগুলো নিয়ে হামলা চালাতে গেলে তাঁকে গত ১৭ অক্টোবর গ্রেপ্তার করা হয়।