তাহসানের নতুন অ্যালবাম ‘প্রত্যাবর্তন’। ভালোবাসা দিবস উপলক্ষে এটি বাজারে এনেছে অগ্নিবীণা। কথা হলো তাহসানের সঙ্গে।অনেক দিন পর আপনার নতুন অ্যালবাম এল?হ্যাঁ, সাড়ে তিন বছর পর। সর্বশেষ অ্যালবামটি ছিল নেই। ওটা এসেছিল ২০০৭ সালে। ওই অ্যালবামের সঙ্গে সঙ্গে আমি নিজেও লাপাত্তা হয়ে গিয়েছিলাম। এবার প্রত্যাবর্তন দিয়ে শ্রোতাদের মাঝে ফিরে এসেছি। এটি আমার পঞ্চম অ্যালবাম। এত দিন নিজের নানা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ‘প্রত্যাবর্তন’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন।অন্য চারটি অ্যালবামে শ্রোতারা আমাকে যেভাবে পেয়েছে, এবারও তেমনি কিছু গান আছে। মাঝে আমি কিছুদিন যুক্তরাষ্ট্রে ছিলাম। ওখানে মিনেসোটায় একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ওখানে থাকার সময় নানা ধরনের গান শুনেছি। এর মধ্যে জ্যাজ আমাকে বেশি মুগ্ধ করেছে। এবার ‘মৌন প্রতিজ্ঞা’ শিরোনামে জ্যাজ ধাঁচের একটি গান করেছি। আবার ‘অবাক’ গানটিতে পিয়ানো ছাড়া আর কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করিনি। ‘ধুলো’ আর্ট রক ধাঁচের গান। একটি টেকনো গানও রেখেছি, ‘দ্বিচক্রযান’। আসলে শ্রোতাদের নতুন কিছু দিতে চেয়েছি। একই অ্যালবামে নিজেকে এতটা পরিবর্তন করার কথা কেন ভেবেছেন?আমি সব সময়ই নিজেকে ভেঙে নতুন কিছু করছি। যুক্তরাষ্ট্রের অনেক নামী ও গুণী শিল্পীর মধ্যেও এই ব্যাপারটা দেখেছি। নিজেকে একই স্টাইলের মধ্যে কেউ বেঁধে রাখতে চান না। ১০ বছর আগে আমি গান শুরু করেছি। তখন যারা আমার গান শুনতেন, তারা তো আছেনই, সঙ্গে যুক্ত হয়েছেন নতুন প্রজন্ম। আমি তাই এই দুই প্রজন্মের শ্রোতার জন্য গান করছি। এখান থেকে শ্রোতারা যে গানগুলো পছন্দ করবেন, ভবিষ্যতে আমি সেই ধারাটা বেশি চর্চা করব।আপনি তো ছায়ানটে ছিলেন?আমি ছায়ানটে ছয় বছর গান শিখেছি। রবীন্দ্রসংগীত বিভাগের ছাত্র ছিলাম। সেটা অনেক বছর আগের কথা।রবীন্দ্রসংগীত নিয়ে কোনো পরিকল্পনা আছে?রবীন্দ্রসংগীতের প্রতি আমার অন্য রকম ভালোবাসা আছে। এখন অনেকেই রবীন্দ্রসংগীত নিয়ে কাজ করছেন। আমিও পরিকল্পনা করেছি। সামনে নিজের ভাবনা এবং বিশ্বাসের জায়গা থেকে রবীন্দ্রসংগীতের অ্যালবাম করার কথা ভেবেছি। আর তা নিজের মতো করে করব। শ্রোতাদের সঙ্গে আপনার পরিচয়ের শুরুটা ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে। আপনি অনেক দিন এই ব্যান্ডের সঙ্গে নেই।ব্ল্যাক ব্যান্ডের সবাই এখনো আমার ভালো বন্ধু। আসলে ওঁরা অল্টারনেটিভ রক ধাঁচের গান করতে চেয়েছে। আর আমি স্লো ব্যালেড ধাঁচের গান করি। তাই আমি ওঁদের ইচ্ছাকেই সম্মান জানিয়েছি। নিজের ইচ্ছাকে জোর করে চাপিয়ে দিতে চাইনি। অনেক দিন তো হলো, ভাবছি, সামনে হয়তো আবার আমাকে সবাই ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে দেখতে পাবেন।