নিজেকে মূল্যহীন ভাববেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৪ সেপ্টেম্বর নারীমঞ্চে প্রকাশিত ‘আমি এক সাধারণ মেয়ে’ লেখাটি নিয়ে দু-চারটি কথা বলতে চাই। লেখাটিতে ফুটে উঠেছে আমাদের সমাজের মধ্যবয়স্ক এক সাধারণ গৃহবধূর চরম হতাশা আর একাকিত্বের কথা। মূলত সংসারের আয় বাড়লে, সন্তানরা বড় হয়ে উঠলে সমাজে নারীরা নিজেদের মূল্যহীন ভাবতে শুরু করেন। সন্তানদের মানুষ করে জীবন পার করলাম, এখন স্বামী-সন্তানের কাছে আমার কোনো মূল্য নেই—এ-জাতীয় হতাশা হয়ে ওঠে মধ্যবয়স্ক নারীদের নিত্যকার সঙ্গী। কিন্তু আমার মনে হয়, জীবন সম্পর্কে এমন সনাতন দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার। আমি সমাজে সব নারীর উদ্দেশেই বলছি, স্বামী, সন্তান, সংসারের বাইরেও প্রত্যেকের একটা নিজস্ব জগৎ থাকা উচিত। তাহলে জীবনটা এত হতাশায় ভরে উঠবে না। সারাক্ষণ কী পেলাম, কী পেলাম না—এসব চিন্তা বাদ দিয়ে আপনার যা ভালো লাগে, তা-ই করুন। ভালো বই পড়ুন, গান শুনুন, বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ করুন, কোনো শখ থাকলে সেটার চর্চা করুন। কেবল সংসারের দেখভাল আর হেঁশেল সামলানোটাই যেন জীবনের একমাত্র পাথেয় হয়ে না ওঠে। এভাবে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেখুন, জীবনটা সত্যিই অর্থবহ মনে হবে। আর সংসারে উপার্জন না করলেও নিজেকে এতটা মূল্যহীন ভাবার কিছু নেই। একবার ভাবুন না, আপনার মতো অনেকেই আছেন, যাঁরা সংসারে উপার্জন করছেন না, তাঁদের সবাই তো হতাশাগ্রস্ত নন। সবশেষে বলতে চাই, জীবন তো একটাই। জীবনের ছোট ছোট না-পাওয়াগুলো দূরে সরিয়ে, চলুন, জীবনটা উপভোগ করি।মিতা মেহজাবিন