নিজেকে যুদ্ধাপরাধী মনে হচ্ছে
নিজেকে যুদ্ধাপরাধী মনে হচ্ছে। এসব কথা বলা কষ্টের, তা বরং চেপে রাখাই ভালো। তবে বেদনাদায়ক হলেও এসব কথা আমাকে বলতেই হবে।’চল্লিশের দশকে যুদ্ধকালীন সময়ে সেনাদের মনোরঞ্জনে এশীয় নারীদের যৌনকর্মী হিসেবে ব্যবহার করার ঘটনা বলতে গিয়ে এভাবেই আত্মগ্লানি ঝেড়েছেন জাপানি চিকিত্সক মাসাইয়োশি মাতসুমোতো। ১৯৪৩ সালে জাপানি সেনা বাহিনীতে যোগ দেন মাসাইয়োশি মাতসুমোতো। তাঁকে চীন দখলের অভিযানে পাঠানো হয়। তিনি তখন ভাবতেন, পশ্চিমা সাম্রাজ্যবাদীদের হাত থেকে এশিয়াকে মুক্ত করতে একটি ন্যায়সংগত যুদ্ধে অংশ নিয়েছেন তিনি। ১৯৪৬ সালে দেশে ফেরেন মাতসুমোতো। পরে খ্রিস্টান চার্চের যাজক হিসেবে নিয়োগ পান তিনি। যুদ্ধে সাত দশক পর ৯১ বছর বয়সী অবসরপ্রাপ্ত যাজক মাতসুমোতো বলেন, ওই যুদ্ধের নিষ্ঠুরতা ও নারীর প্রতি যে অবিচার নিয়ে কথা বলবেন তিনি। ওই সময় কোরীয়সহ অনেক এশীয় নারী জাপানের যুদ্ধকালীন যৌনপল্লীতে কাজ করতে বাধ্য হন। নারীর প্রতি সে সময়কার আচরণে অনুতপ্ত মাতসুমোতো। ভুল স্বীকার করে তিনি বলেন, নিজেকে একজন যুদ্ধাপরাধী মনে হয়। ওসাকা নগরের মেয়র তোরু হাশিমোতো গত সপ্তাহে বলেন, যুদ্ধকালীন সময়ে জাপানি সেনাদের জন্য যৌনপল্লীর ব্যবস্থার খুব প্রয়োজন ছিল। তাঁর এ বক্তব্য দেশ-বিদেশে সমালোচনার ঝড় তুলেছে। রয়টার্স।